
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2024 09:35
দ্য ওয়াল ব্যুরো: হামলা পাল্টা হামলার অভিযোগকে ঘিরে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল বেলঘরিয়ায়। উত্তেজনা রেশ রয়েছে রবিবার ছুটির সকালেও। তৃণমূল ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, শনিবার রাতে বেলঘরিয়ার পার্টি অফিসে বৈঠক চলাকালীন দফতরে ঢুকে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। নেতৃত্বে ছিলেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলর নির্মলা রাই। অভিযোগ, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকেও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকী পার্টি অফিসের সামনের লোহার গেটের একাংশও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই বলেন, ‘‘পার্টি অফিসের সামনের রাস্তা আটকে সবসময় ২০-২৫টি বাইক রাখেন বিজেপির কর্মীরা। দলের মিটিং সেরে ফেরার সময় স্থানীয় বাসিন্দারা আমার কাছে এ ব্যাপারে অভিযোগ করেছিলেন। তারপরই ওদের পার্টি অফিসে কথা বলতে গিয়েছিলাম। তখনই আমাদের ওপর ওরা চড়াও হয়।"
বিজেপি কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। স্থানীয় সূত্রের খবর, দু'পক্ষের হামলাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।