
শেষ আপডেট: 2 November 2023 11:37
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ধারালো অস্ত্র নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর হামলার চেষ্টা! ওই দুষ্কৃতীর হামলার মুখে পড়েন আরও একজন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের ভরতপুর পঞ্চায়েত অফিসে। অভিযোগ, বুধবার দুপুরের পর মোক্তার মল্লিক নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সোজা পঞ্চায়েত অফিসে ঢুকে দাসপাড়ার পঞ্চায়েত সদস্যা গীতা হাজরার স্বামী কার্তিক দাসের খোঁজ করতে থাকে ।
সেই সময় পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডলের অফিসে উপস্থিত ছিলেন কার্তিক। পঞ্চায়েত অফিসের কর্মীরা জানান, মোক্তার নামে এই ব্যক্তি সোজা প্রধানের ঘরে ঢুকে কার্তিকের সঙ্গে বচসা শুরু করে। ধারালো অস্ত্র বের করে কার্তিককে মারতে উদ্যত হয়। এমন কাণ্ড দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কর্মীরা। পঞ্চায়েত প্রধান অনিতা নিজে কার্তিককে বাঁচাতে ছুটে যান। ছুটে যান অনিতার স্বামীও।তখন ওই ব্যক্তির আক্রমণের নিশানা হন পঞ্চায়েত প্রধানের স্বামী। কোনওরকমে প্রাণে বাঁচেন তাঁরা।
জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে কার্তিক হাজরার স্ত্রী গীতা হাজরার কাছে মোক্তার মল্লিকের স্ত্রী পরাজিত হন। তারপর থেকেই অশান্তি চলছিল। স্থানীয়রা জানান, সম্প্রতি মোক্তারের ঘনিষ্ঠ এক লটারি ব্যবসায়ী মাদক খেয়ে রাস্তায় পড়েছিল। পাড়ার কিছু ছেলে তাকে উদ্ধার করে। নেশা কাটলে ওই ব্যক্তি দাবি করেন তার ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে। এরপরেই মোক্তার, কার্তিক হাজরার থেকে ওই টাকা দাবি করে। এই নিয়েই গন্ডগোল বাঁধে।
পঞ্চায়েত অফিসে অস্ত্র নিয়ে হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল জানান, বাইরের ঝামেলা নিয়ে পঞ্চায়েত প্রধানের অফিসে ঢুকে পড়ার প্রতিবাদ করেছিলেন তিনি। তাই তাঁর সঙ্গেও অসভ্যতা শুরু করে ওই দুষ্কৃতী। তাঁর স্বামীর উপরেও হামলার চেষ্টা করে। তিনি বলেন, “অভিযুক্ত যতক্ষণ না গ্রেফতার হচ্ছে, ততক্ষণ বন্ধ থাকবে পঞ্চায়েত অফিস। যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়!” পরবর্তীতে অবশ্য ওই ব্যক্তিকে আটক করে ভরতপুর থানার পুলিশ।