ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আলোচনা, টেন্ডারকে ঘিরে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে কি না।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 January 2026 17:07
দ্য ওয়াল ব্যুরো: ডোমকলে (Domkal) বাংলা আবাস যোজনার টেন্ডার না পেয়ে বিডিও-র উপর (BDO's office) চড়াও হওয়ার অভিযোগ উঠল শাসকদলের দুই স্থানীয় নেতার বিরুদ্ধে (tmc Two leader)।
বুধবার দুপুরে ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ডোমকল বিডিও অফিস চত্বরে। অভিযোগ, টেন্ডার বণ্টনে ‘অন্যায় আচরণ’ হয়েছে— এই অভিযোগ তুলেই বিডিও-র ঘরে ঢোকেন তৃণমূল নেতা মেহেবুব হাসান ও রাহুল খান। তাঁদের মধ্যে একজন আবার ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলে জানা গিয়েছে।
ব্লক প্রশাসন সূত্রে খবর, টেন্ডার তালিকায় নিজেদের নাম না-থাকায় ক্ষোভে ফেটে পড়েন ওই দুই নেতা। অভিযোগ, বিডিও-কে লক্ষ্য করে শুরু হয় ধাক্কাধাক্কি ও তীব্র বাকবিতণ্ডা। বিডিও-র নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা নিয়ে মুখ খোলেন বিডিও। তাঁর দাবি, “আজ অফিসে আমার সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।” তবে শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। তাঁদের বক্তব্য, “টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। বিডিও-ই উল্টো অভব্য ব্যবহার করেছেন। এখন তিনি মিথ্যে কুৎসা রটাচ্ছেন।”
ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আলোচনা, টেন্ডারকে ঘিরে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে কি না। বিরোধী শিবিরের অভিযোগ, সরকারি প্রকল্পে ‘দলের চাপ’ নতুন নয়, এই ঘটনা তার আরও একটি নজির। তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে।