দ্য ওয়াল ব্যুরো: একজন ভাল কোচ থাকলে একটা দলের চেহারা বদলে যায় অনায়াসে। শনিবার সেটি আরও একবার বোঝা গেল এটিকে মোহনবাগান ম্যাচে। হাবাসের বদলি হিসেবে জুয়ান ফার্নান্দোর মতো স্প্যানিশ তরুণ কোচ বাগানের দায়িত্বে এসে ফুল ফোটালেন।
গত আটটি ম্যাচে সবুজ মেরুন দল হারেনি। হার তো দূরের কথা, রীতিমতো ছন্দে তারা। আবারও আইএসএলে খেতাবের গন্ধ পাচ্ছেন লিস্টন, মনবীররা। এদিন নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল এটিকে মোহনবাগান। অজস্র গোল মিস না হলে কলকাতার নামী দল জিততে পারত ম্যাচটি ছয় গোলে।
খালিদ জামিলের নর্থ ইস্ট দলের পক্ষে ভিপি সুহের গোল করে দলকে এগিয়ে দেন ১৭ মিনিটে। কিন্তু পিছিয়ে যেতেই খোলস ছেড়ে বেরয় বিপক্ষ দল। প্রথমে জনি কাউকো সমতা ফেরান ম্যাচে। পরে লিস্টন কোলাসো ও মনবীর সিং গোল করে দলের জয় সুনিশ্চিত করেছেন।
https://twitter.com/IndSuperLeague/status/1492527997098008576
খেলার গতির বিপরীতেই ভিপি সুহেরের গোলে এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট। মাঝমাঠে মার্সেলিনহো বল জিতে তা বাড়িয়ে দেয় সুহেরকে। পেনাল্টি বক্সের ডান দিক থেকে সুহেরের জোরালো শটের কোনও জবাব ছিল অমরিন্দরের কাছে। ১-০ এগিয়ে যায় খালিদের দল।
পাঁচ মিনিটও টিকল না নর্থ ইস্টের লিড। পেনাল্টি বক্সের বাইরে থেকে লিস্টন কোলাসোর পাসে জোরালো শটে গোল করে এটিকে মোহনবাগানকে ম্যাচে ফেরালেন জনি কাউকো। শুভাশিস নর্থ ইস্টের গোলে নড়ার সুযোগই পাননি।
দুর্দান্ত পাসিং ফুটবলে হাফ টাইমের ঠিক আগেই এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন লিস্টন কোলাসো। রক্ষণ থেকে তিরির দারুণ পাস বাঁ-দিকের উইংয়ে কাউকোর পায়ে পৌঁছায়। প্রথম গোলে কাউকোকে পাস বাড়িয়েছিলেন লিস্টন, এবার কাউকোর ঠিকানা লেখা পাস খেরে দারুণ ফুটওয়ার্ক দেখিয়ে নিজের জন্য প্রথমে জায়গা তৈরি করেন লিস্টন এবং তারপর শটে বল জালে জড়িয়ে দেন। হাফ টাইমের আগেই ২-১ এগিয়ে যায় তারা।
৫২ মিনিটে মনবীরের গোল, ডিফেন্স থেকে নর্থইস্ট বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। লেনি রডরিগেজ মাঝমাঠে দারুণ ব্লক করে মনবীরের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। গোলের বাঁ-দিক থেকে নিজের আয়ত্ত্বে বল নিয়ে ডিফেন্ডার এবং গোলরক্ষক দুইজনকেই কার্যত মাটিতে ফেলে দিতে সক্ষম হন মনবীর এবং সহজেই কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে দেন তিনি।
এটিকে মোহনবাগান কোচ পুরো দলকে সাবালক করে দিয়েছেন। দলের তারকা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস নেই, কিয়ান নাসিরিকে ব্যবহার করলেন না। তারপরেও পুরো দলকে তিনি দারুণ ছন্দে খেলাচ্ছেন। একটা দলকে পুরো ইউনিট হিসেবে ব্যবহার করছেন, তার সুফলও পাচ্ছেন। তালিকায় তাঁর দলের সামনে শুধু হায়দরাবাদ, তারা দুটি ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। লিস্টনদের সংগ্রহে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট।