
শেষ আপডেট: 20 April 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফকে। যা নিয়ে উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশে তোলপাড় পড়ে যায়। এই মৃত্যুর ঘটনা নিয়ে উঠেছে হাজার প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে যোগী রাজ্যের পুলিশের স্পেশাল টিম। বৃহস্পতিবার দেখা গেল হত্যা মামলার কিনারা করতে সেদিন রাতের ঘটনাকে 'পুনর্নির্মাণ' (Murder Reconstructed) করছে তারা। আনা হয়েছে ধৃত তিন অভিযুক্তকেও। তারাই অভিনয় করে দেখাল কীভাবে খুন করেছিল।
১৫ এপ্রিল জেল থেকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে আতিকদের খুন করে আততায়ীরা। সাংবাদিক সেজে এমন কাণ্ড ঘটিয়েছিল তারা।
এদিন পুলিশ সেই তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে আসে। সেখানে দেখা যায়, দু'জন অফিসার মাথায় সাদা পাগড়ি বাঁধা অবস্থায় আস্তে আস্তে হেঁটে আসছেন, তাঁদের ঘিরে রয়েছেন সাংবাদিকরা। কিছু পুলিশকর্মীও রয়েছেন। সেই সময়ই তিনজন এসে গুলি করে আতিকদের মাথা লক্ষ্য করে। তাঁরা লুটিয়ে পড়েন মাটিতে।
ঠিক যেমনটা সেদিন রাতে ঘটেছিল, সেই ঘটনাই পুনর্নির্মাণ করা হল। তিন অভিযুক্ত লভলেশ তিওয়ারি, সানি সিং ও অরুণ মৌর্যকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সানি সিংই লভলেশ ও অরুণকে এই শ্যুটআউটের জন্য নিয়ে এসেছিল।
এদিকে আতিকদের এই খুন নিয়ে বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন। এমনকী পুলিশি গাফিলতির অভিযোগও উঠেছে। এই ঘটনার পরই বেশ কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়।
আতিকের খুনিরা শেখে রিপোর্টিংয়ের খুঁটিনাটি, রীতিমতো কোর্স করে স্থানীয় তিন সাংবাদিকের কাছে