
শেষ আপডেট: 8 May 2023 11:40
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ এপ্রিল পুলিশের ঘেরাটোপের মধ্যেই খুন হয়ে যান গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed Murder Case)। সেই নিয়ে যোগী রাজ্যের রাজনীতি এখনও উত্তপ্ত। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট নজর কেড়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে, আতিক আহমেদের ছেলে তাঁর হত্যার প্রতিশোধ নেবে!
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ আলমগীর। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাসময়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা যাচ্ছে, দ্য সাজ্জাদ মুঘল নামে একটি পেজ থেকে আতিক আহমেদকে নিয়ে একটি পোস্ট শেয়ার হয়। সেই পোস্ট ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়। সেই পোস্টে দাবি করা হয়, 'আতিকের ছেলে আলি এখনও বেঁচে আছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে এবং… তারপর এলাহাবাদে ডাকা হবে, এবং বদলা (Revenge) নেওয়া হবে।'
গত ১৩ এপ্রিল পুলিশের এনকাউন্টারে প্রাণ হারান আতিকের ছেলে আসাদ। তার দু'দিন পরেই পুলিশি নিরাপত্তার মধ্যে খুন হয়ে যান আতিকও। এই খুনের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে আতিক ঘনিষ্ঠরা।
তারমধ্যেই সোশ্যাল মিডিয়ার এই পোস্ট সামনে এসেছে। কে এই আলি? সেই নিয়েও চর্চা চলছে। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
ফেসবুকে ভুয়ো 'ভেরিফায়েড' অ্যাকাউন্ট থেকে প্রতারণা! এমন লিঙ্কে আপনিও ক্লিক করেননি তো?