দ্য ওয়াল ব্যুরো: তাদের বন্ধুত্ব দেখে যেন চোখ জুড়িয়ে যায় চিড়িয়াখানার কর্মীদের। কেউ কাউকে ছাড়তেই চায় না! অথচ প্রকৃতিগত ভাবে বন্ধু হওয়ার কথা ছিল না বোউয়ি আর ন্যান্ডির। তাদের লড়াই করতেই দেখা যায় সাধারণত। কিন্তু মাত্র কয়েক সপ্তাহ বয়স থেকে একসঙ্গে থাকতে থাকতে পরস্পরকে এখন চোখে হারায় তারা। বোউয়ি হল ল্যাব্রাডর রিট্রিভার কুকুর আর ন্যান্ডি হল এক চিতা!
নিউজার্সির টার্টল ব্যাক চিড়িয়াখানার কর্মীরা বলছেন, চিতা সাধারণত খুব লাজুক প্রাণী। নিজের পরিচিতের বাইরে মিশতে চায় না কারও সঙ্গে। উল্টো দিকে ল্যাব্রাডর ততটাই মিশুকে। দুইয়ে মিলে দারুণ এক জোট বেঁধেছে। লাজুক ন্যান্ডি র আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে বন্ধু বোউয়ি।
"বোউয়ির ভূমিকা দারুণ গুরুত্বপূর্ণ। ওকে বলা যেতে পারে নান্ডির কনফিডেন্স বিল্ডার।"-- বললেন চিড়িয়াখানার কর্তা শার্লট ট্র্যাপম্যান ও ব্রায়েন। আরও জানালেন, বোউয়িকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়, কী করে ন্যান্ডির সঙ্গে আরও খোলামনে মিশতে পারে সে। ফল মিলছে দুর্দান্ত। তাদের বন্ধুত্ব দেখতেই এখন চিড়িয়াখানায় আসছেন দর্শকরা।
এই নিয়ে চিড়িয়াখানার তরফে একটি পোস্টও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা রয়েছে, "ঠান্ডা মাথার বোউয়ি ন্যান্ডিকে একেবারেই ভয় পেতে দেয় না। ন্যান্ডির সঙ্গে সঙ্গে থাকে সবসময়।" এই পোস্ট দেখে নেটিজেনদের খুশি উপচে পড়েছে।
https://www.facebook.com/TurtleBackZoo/posts/10159210454944552