.webp)
বিমান বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 5 November 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে বাণিজ্য সম্মেলন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অধিবেশন চলবে ১০ থেকে ১১ দিন ধরে।
সেই সঙ্গে ফের ইডি-সিবিআইয়ের 'অতি সক্রিয়তা' নিয়ে সরব হয়েছেন বিমানবাবু। সম্প্রতি বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে আয়োজিত সম্মেলনেও এ ব্যাপারে তিনি সরব হয়েছিলেন।
বিমান বলেন, "স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ইডি, সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেড করিয়ে দেওয়া হচ্ছে। শুধু স্পিকার নয়, বিধায়ক, মন্ত্রীদের ক্ষেত্রেও তো আমাদের রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। স্ট্যান্ডিং কমিটির এক সদস্য বিধানসভায় মিটিংয়ে যোগ দিতে এসেও না পেরে বাড়িতে দৌড়ে গিয়েছিল।"
স্পিকার আরও বলেন, "তদন্তের নামে এভাবে যখন তখন বিধায়কদের ডেকে পাঠিয়ে বিব্রত করা ঠিক নয়। আমার বক্তব্য, কাউকে সিবিআই তদন্তের জন্য ডেকে পাঠাতেই পারে। কিন্তু আগাম জানালে অসুবিধা কোথায়? সেক্ষেত্রে বিধানসভার কাজে সমস্যা হয় না।"
রাজ্যপালের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন স্পিকার। তিনি বলেন, "অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে রাজ্যপাল আমাদের জানিয়েছিলেন। কিন্তু নিয়ম হল বিল পাস হয় বিধানসভায়। সেটা আমরা পাঠাই রাজ্যপালের কাছে, কিন্তু তার কী ভবিষ্যৎ আমরা জানতে পারি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হওয়া বাঞ্ছনীয় নয়।"
নারী নির্যাতন নিয়েও এদিন সরব হন বিমান। স্পিকার বলেন, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশ জুড়েই এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। সকলে একযোগে প্রতিবাদে সরব হওয়া উচিত।