
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 13 November 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো: উপ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই তপ্ত মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। এদিন সকালে শালবনিতে বিজেপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
এরই মধ্যে রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, 'এদিন ভোট লুট করার জন্য মেদিনীপুর সদর ব্লকের চাঁদরাতে স্থানীয় এক বিজেপি নেতাকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ।'
এ ব্যাপারে কমিশনের অবজারভার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অভিযোগও জানান তিনি। যদিও শাসকদল তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শুভেন্দুর অভিযোগ, মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা নয়ন দে-কে পুলিশ গৃহবন্দি করে রেখেছে। অন্যদিকে শালবনি থানার সাতপার্টিতে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।জখম বিজেপি নেতাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুটি ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে মেদিনীপুরের বাকি এলাকায় ভোট নিয়ে বিশেষ কোনও গোলমালের খবর নেই। মেদিনীপুরে এবারে তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা। বিজেপির হয়ে লড়ছেন শুভজিৎ রায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে বিজেপি প্রার্থী সমিতকুমার দাসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ২ হাজার ১৭০ ভোটে জিতেছিলেন জুন। এবারে শাসকদল জয়ের ব্যবধান আরও বাড়াতে পারে নাকি শাসককে টপকে শেষ হাসি হাসে পদ্মশিবির, সেটাই দেখার।