
ফাইল ছবি।
শেষ আপডেট: 23 November 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: গত ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা ভোট তখনও শেষ হয়নি। সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, "মিডিয়ার একাংশ তো বিরোধীদের হয়ে স্পনসরশিপ করছে। তবু ৬টার মধ্যে একটা সিটেও কি জেতাতে পারবেন? মিলিয়ে দেখে নিন! রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে!"
ফল যে ৬-০ হতে চলেছে, তা ভোটের দিনই একাধিক ঘটনা থেকে প্রমাণ মিলেছিল। দ্য ওয়ালে এই সংক্রান্ত প্রতিবেদনে লেখাও হয়েছিল, 'সবচেয়ে বেশি ভোট পড়ল বাঁকুড়ার তালড্যাংরায়, ড্যাংড্যাং করে ৬ আসনেই কি জিতবে তৃণমূল'।
উপ নির্বাচনে সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে। কিন্তু ১৩ নভেম্বর সিতাই ও মাদারিহাট ছাড়া বাকি চারটি কেন্দ্রেই বিকেল ৫টা পর্যন্ত গড়ে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেই অর্থে বিরোধীদের মাঠে দেখা যায়নি।
যার নিট ফল, এদিন শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধানে বেড়েছে শাসকদলের প্রার্থীদের। বেলা সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের তরফে এখনও কোনও কেন্দ্রে কাউকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়নি। কারণ, প্রতিটি কেন্দ্রেই গণনার কাজ এখনও চলছে (West Bengal bypolls results 2024)।
এরই মাঝে মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটিতে রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসকদলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, কোথায় আবির উড়িয়ে কোথাও বা ঢাক-কাঁসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে।
কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, হাড়োয়ায় তৃণমূল ৪১ হাজার, সিতাইয়ে প্রায় ৭০ হাজার, নৈহাটিতে প্রায় ৩২ হাজার, মেদিনীপুরে ১৭ হাজার, তালডাংরায় ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃৃণমূলের প্রার্থী। যে মাদারিহাটে গতবারে বিজেপি জয়ী হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে। এবং হাড়োয়াতে বিজেপিতে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে আইএসএফ।