
শেষ আপডেট: 29 July 2023 10:15
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল টিম। বহু বছর পর ফের ভারতীয় ফুটবল টিম খেলবে এই টুর্নামেন্টে। কিন্তু সেই দলেই নেই সুনীল ছেত্রী (Sunil Chhetri)! শুধু তিনি একা নন, আরও দুই সিনিয়র প্লেয়ার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu) ও সন্দেশ ঝিঙ্ঘান (Sandesh Jhingan)। সেই খবর সামনে আসতেই ভারতীয় ফুটবল প্রেমীদের মুখের হাসি ম্লান হয়ে গেছে।
ব্যাপারটা কী?
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-২৩ পুরুষদের ফুটবল টিম পাঠাতে হয়। তবে সেখানে কিছুটা ছাড় রয়েছে। প্রতি দেশ তাদের তিনজন সিনিয়র প্লেয়ার, যাঁদের বয়স ২৩-এর বেশি তাঁদের দলে রাখতে পারে। সেইমতো ভারতীয় দলে সুনীল-গুরপ্রীত-সন্দেশের নাম শোনা যাচ্ছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, সুনীলরা খেলবেন ভারতীয় দলে।
এদিকে, এশিয়ান গেমসে কারা খেলবেন, তাঁদের চূড়ান্ত তালিকা আয়োজক সংস্থার কাছে পাঠানোর শেষ তারিখ ছিল ১৫ জুলাই। কিন্তু ততদিনে সুনীলরা নিশ্চিত ছিলেন না। তাই তাঁদের নাম ছাড়াই দলের তালিকা পাঠানো হয়েছিল। যদিও, কল্যাণ জানিয়েছে, যাতে সুনীলদের নাম যোগ করা হয়, তার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল টিম খেলবে কি খেলবে না তা নিয়ে জট তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের পুরুষ এবং মহিলা ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবার সেই দলেই সুনীলরা অনিশ্চিত হয়ে গেলেন।
আরও পড়ুন: মোহনবাগান দিবসে যোগ দিতে কলকাতায় এলেন সুনীল, উদ্বোধন করবেন বাবলুর আত্মজীবনী