
ভাড়া বাড়ি থেকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের স্বামীর পচাগলা দেহ
শেষ আপডেট: 18 June 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল তৃণমূল কাউন্সিলরের স্বামীর পচাগলা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল অশোকনগরের বনবনিয়া এলাকায়। মৃতের নাম রাজীব সরকার। তিনি হাবড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সরকারের স্বামী।
বনবনিয়া একটি বাড়ি ভাড়া নিয়ে একাই সেখানে থাকতেন। দোতলায় ঘর ছিল তাঁর। গত তিনদিন ধরে তাঁকে এলাকায় দেখতে পাননি স্থানীয়রা। মঙ্গলবার ওই বাড়িতে রঙের কাজ করতে এসেছিলেন রঙমিস্ত্রিরা। সেই সময়েই রাজীববাবুর ঘরের জানলায় মিস্ত্রিদের চোখ পড়তেই আঁতকে ওঠেন। তাঁরা দেখতে পান, ঘরের মধ্যে পড়ে রয়েছে রাজীববাবুর দেহ। দেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না। তাই পরিবার ছেড়ে তিনি আলাদা থাকতেন। গত এক বছর ধরে ওই বাড়িতেই থাকছিলেন। শান্ত, নির্ঝঞ্ঝাট মানুষ হিসাবেই তাঁকে জানতেন সকলে। বাড়ির মালিক জানিয়েছেন, রাজীববাবু খুবই শান্ত মানুষ ছিলেন। কারও সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। মাঝ মধ্যে তাঁর ছেলে বাড়িতে আসতেন। কয়েকদিন ধরেই রাজীববাবুকে দেখা যাচ্ছিল না। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো কোথাও গেছেন। গত দু’দিন ধরেই এলাকায় দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। কিন্তু সেটার উৎস বুঝতে পারছিলেন না কেউ। এদিন রঙমিস্ত্রিরা কাজ করতে এলে বিষয়টি তাঁদের নজরে আসে।
কাউন্সিলরের স্বামীর দেহ উদ্ধারের খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।