অশোক মালহোত্রা
ইয়ে সাম মস্তানি...।
রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের ওই গানের কথা মনে এল টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই। রাজেশ খান্নার আজ জন্মদিন, তাই এই গান যেন আজকের ম্যাচের ফলের প্রেক্ষাপটে বেশ মানানসই।
হয়তো সকাল সকাল জিতে গিয়েছে টিম ইন্ডিয়া, তাঁদের শিবিরে সন্ধ্যেবেলায় এই গান চালিয়ে হুল্লোড় হলে বলার কিছুই থাকবে না।
আহা এই মেলবোর্ন টেস্ট ভারতীয় ক্রিকেট প্রেমী বহুদিন নিজেদের স্মৃতিতে লালন করবে। কী দেখলাম, যেন আঁশ মিটছে না। যে দলে বিরাট কোহলি নেই, যে দলে রোহিত শর্মা, মহম্মদ সামি, ঈশান্ত শর্মারা নেই, সেই দল ড্যাঙ ড্যাঙ করে টেস্ট জিতে বেরিয়ে গেল। তাও কী রকম পরিস্থিতিতে, না গত টেস্টে অ্যাডিলেডে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার পরেও।
কিছু ব্যক্তিত্ব থাকে যারা নিজের মধ্যে নিজেদের জেদকে লুকিয়ে রাখতে ভালবাসে। দেখলে মনে হয় খুব ম্রিয়মান, কিন্তু ভেতরে তাদের অ্যাড্রিনালিন বেশি ক্ষরণ হচ্ছে বাকিদের থেকে। আজাঙ্ক রাহানে এরকমই এক মানুষ। দারুণ প্রতিভাবান, মুম্বই ঘরানার আদর্শ শিল্পী ক্রিকেটার, টেস্ট ক্রিকেটের জন্যই হয়তো জন্মেছে। কিন্তু ক্ল্যাসিকাল সঙ্গীত এত ভাল জানে যে বাকি সঙ্গীতেও আপনাকে আকর্ষণ করাবে। তার মানে সব ধরনের ক্রিকেটের পক্ষেই মানানসই, বেশি ভাল টেস্টে।
তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দলটিকে রাহানের হাতে তুলে দেওয়া হোক চিরস্থায়ীভাবে টেস্টের অধিনায়ক হিসেবে। কোহলি বরং ওয়ান ডে এবং টি ২০ দলটিকে নেতৃত্ব দিক, তাতে ভারতীয় ক্রিকেটের ভাল হবে। কোহলিও চাপ মুক্ত হয়ে আরও ভাল পারফরম্যান্স করতে পারবে।
রাহানের ক্যাপ্টেন্সিতে অনেক গুণ। তিনি এমনিতেই মিতভাষী, কিন্তু দলের সতীর্থদের কাছে দারুণ জনপ্রিয়। এবং স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে রাহানে যখনই দলের দায়িত্ব পেয়েছে, সেবারই রেজাল্ট এনে দিয়েছে। তাই স্বাভাবিকভাবে দলকে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে।
মেলবোর্ন টেস্টে তার মধ্যে নিজে এত ভাল ব্যাটিং ও ক্যাপ্টেন্সি করেছে তাতে দলের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এমনকি মহম্মদ সিরাজ ও শুভমান গিলকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে এতটুকু চাপে না রেখে, এটাও টনিকের মতো কাজ করেছে।
আর কোহলি না থাকাটা এই টেস্টে শাপে বর হয়েছে। কেননা দলের বাকিদের দেখানোর ছিল মহাতারকা ক্যারিশমা ছাড়াও বিদেশের মাঠে টেস্ট জেতা যায়। সেই বোধটা মানসিক দিক থেকে উদীপ্ত করেছে দলের ক্রিকেটারদের। তাই এমন কামব্যাক সম্ভব হয়েছে। যাই হোক, এই মেলবোর্ন টেস্ট জয় ভারতীয় ক্রিকেটকে আরও অনেকটা পথ এগিয়ে দিল সন্দেহ নেই।