
শেষ আপডেট: 29 September 2022 09:39
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান সংকট যে পর্যায়ে গিয়েছিল তাতে দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট লড়বেন না কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election)। বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রীর (Sonia Gandhi) কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবেই পরিচিত ছিলেন গেহলট (Ashok Gehlot)। তাঁকে দলের সভাপতি করার ব্যাপারে যে সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা একপ্রকার মনস্থির করে ফেলেছিলেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু রাজস্থানে যে এভাবে জট পাকবে তা বোধহয় কংগ্রেস হাইকম্যান্ডের ধারণার মধ্যেও ছিল না। গেহলট শিবিরের বিধায়করা শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে যেভাবে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন তাতে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সনিয়া-রাহুলরা। এই পর্বে গেহলটের ভূমিকা নিয়েও তীব্র অসন্তুষ্ট ছিল গান্ধী পরিবার।
কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে রাজস্থানের সামগ্রিক পরিস্থিতির দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন গেহলট। তারপরই তিনি জানিয়ে দেন, দলের সর্বোচ্চ পদ অর্থাৎ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি লড়বেন না।
ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন শশী তারুর। এদিন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন আরএক বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। ক্রমশই স্পষ্ট হচ্ছিল, গেহলট লড়াই থেকে দূরে সরছেন। চতুর্থির দুপুরে সেটাই স্পষ্ট হয়ে গেল।
এখন প্রশ্ন হল, রাজস্থানে কী হবে? পর্যবেক্ষকদের অনেকের মতে, আপাতত হয়তো গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে রেখে দেবে কংগ্রেস নেতৃত্ব। সভাপতি নির্বাচনের পর সে ব্যাপারে নাড়াচাড়া করবে দল। ফলে আপাতত শচীন পাইলটকে রাজস্থান সরকারের ককপিটে বসার জন্য অপেক্ষায় থাকতে হবে।
‘দৌড়ে আছি’, দিল্লি পৌঁছে ঘোষণা দিগ্বিজয়ের, কংগ্রেস সভাপতি পদে লড়াই করবেন