
শেষ আপডেট: 9 January 2024 10:52
দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে সামিল হয়েছিলেন। আগামী ২২ জানুয়ায়ী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের সেই অভয় বার্নওয়াল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অযোধ্যা থেকে এসে পৌঁছেছে বাংলায়।
রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা অভয় বারানওয়াল। পেশায় ব্যবসায়ী তিনি। তাঁর দাবি, ১৯৯০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেন। আন্দোলন চলাকালীন ৩০ শে অক্টোবর তাঁর পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাইজাবাদ সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ৫৩ বছর বয়সি সেই অভয় বার্নওয়ালের আসানসোল হটনরোড মাস্টার পাড়ার আচলাবালা লেনে এসে পৌঁছেছে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। খুশিতে ডগমগ তিনি।
ইতিমধ্যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে পাওয়ার খবর পাড়ায় ছড়িয়ে গিয়েছে। আমন্ত্রণপত্র চাক্ষুষ করতে উৎসাহী প্রতিবেশীরা। একটি সাজানো বাক্সে কার্ড পাঠিয়েছে রাম মন্দির ট্রাস্ট কমিটি। আমন্ত্রিতদের জন্য আলাদা বারকোড থাকছে। সঙ্গে থাকা-খাওয়ার জন্য আলাদা কুপনও পাঠানো হয়েছে।
অভয়বাবু জানিয়েছেন, ১৯৯০ সালে রাম মন্দির তৈরির দাবিতে প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়েছিলেন তিনি। তাই ২০২৪ সালে সেই রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত তিনি এবং তাঁর পরিবার। ২২ তারিখ অবশ্যই যাবেন, জানালেন সেকালের করসেবক অভয়।