
সিল হয়ে গেল বাড়ি
শেষ আপডেট: 20 December 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: ঋণ শোধ না করায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি সিল করে দিল আধার হোম ফাইন্যান্স কোম্পানি। আদালতের নির্দেশ মোতাবেক পুলিশকে সঙ্গে নিয়ে কাউন্সিলর ও তাঁর পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করল সংস্থা।
শুক্রবার কুলটি বিধানসভা এলাকার ৬৩ নম্বর ওয়ার্ড পাতিয়ানা মহল্লার ঘটনা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সেলিম আখতার আনসারি গত দেড় মাস ধরে বেপাত্তা বলে দাবি স্থানীয়দের। এই কাউন্সিলরের নাম অতীতেও বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে বিতর্কে জড়ায়।
বেসরকারি হাউজিং ঋণ প্রধানকারী সংস্থার তরফে জানা গিয়েছে, ২০১৮ সালে ১৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সেলিম ও তাঁর ভাই শামিম আনসারি। সেই টাকা শোধ না করায় ঋণের অঙ্কটা দাঁড়ায় ৩২ লক্ষ টাকায়।
এর পরপরই ওই সংস্থা আদালতের দ্বারস্থ হয়। অবশেষে আদালতের নির্দেশে সেলিম আখতারের বাড়ি দখল নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
সেলিম আখতার আনসারির ভাই শামীম আখতার জানান, 'দাদা গত দেড়মাস ধরে বাড়িতে নেই। কোথায় পরিবার নিয়ে গেছে তাও জানা নেই। টাকা ফেরত দিতে এক মাস সময় চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ শোনেননি।