
শেষ আপডেট: 7 February 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কয়লা চুরি রুখতে গিয়ে আক্রান্ত হলেন সিআইএসএফ কর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটে আসানসোল ইসিএলের বেগুনিয়া কোলিয়ারিতে। এই ঘটনায় সিআইএসএফের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইট পাটকেল ছুড়ে গাড়িতে ভাঙচুর চালায় কয়লা চোরের দল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেগুনিয়া কোলিয়ারি এলাকায় কয়লা চুরি হচ্ছিল। সেই খবর পেয়ে সিআইএসএফের জওয়ানরা অভিযান চালায়। কয়লা চোরেদের রুখতে গেলে সিআইএসএফের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বারাবনি থানার পুলিশ পৌঁছলে তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা।
পরে পুলিশ ও সিআইএসএফের ওই এলাকা থেকে চারজনকে আটক করে থানায় আনার সময়ে নতুনডিহি গ্রামের কাছে আবারও হামলা চালায় দুষ্কৃতীর দল। সিআইএসএফের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে । এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সিআইএসএফ সূত্রে জানা গেছে ।
কয়লা চোরদের আক্রমণে বেশ কয়েকজন সিআইএসএফের নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কয়লা চুরি রুখতে ইসিএলের খনিগুলির নিরাপত্তার জন্য সিআইএসএফ কর্মীদের নিযুক্ত করেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে কয়লার অবৈধ উত্তোলনের জেরে এই অঞ্চলের মাটি আলগা হয়ে যাচ্ছে। তাতে কোলিয়ারির বাসিন্দারা বিপদের মুখে পড়ছেন। এলাকায় ধসও নেমেছে বহুবার। স্থানীয়দের ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে।