দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকবেন তখন দিল্লির সরকারি স্কুল পরিদর্শন করবেন তাঁর স্ত্রী মেলানিয়া। তিনি যাবেন হ্যাপিনেস ক্লাসে। স্কুলের ছাত্রদের স্ট্রেস কমানোর জন্য দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া এই হ্যাপিনেস ক্লাস চালু করেন। কথা ছিল, স্কুলে মেলানিয়াকে অভ্যর্থনা জানাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দু’জনের নাম।
আগামী মঙ্গলবার মেলানিয়া যাবেন হ্যাপিনেস ক্লাসে। দক্ষিণ দিল্লির ওই স্কুলে তিনি সেদিন হবেন স্পেশ্যাল গেস্ট। তিনি ঘণ্টাখানেক থাকবেন স্কুলে। ছাত্রদের সঙ্গে সময় কাটাবেন।
হ্যাপিনেস ক্লাসের মেয়াদ ৪০ মিনিট। তখন ছাত্রছাত্রীদের যোগব্যায়াম শিক্ষা দেওয়া হয়। নানা আউটডোর অ্যাক্টিভিটিজে তারা অংশগ্রহণ করে। কিছুদিন আগেই দিল্লির ভোটে সরকার পরিচালিত স্কুলগুলির ‘শোচনীয় হাল’ নিয়ে সরব হয় বিজেপি। কিন্তু বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সেই স্কুলগুলিকে মেলানিয়া ট্রাম্পের মতো হাই প্রোফাইল অতিথির সফরসূচিতে রেখেছে। যদিও তাঁর সঙ্গীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে।
আগামী ২৪ ফেব্রুয়ারি আমেদাবাদের রাস্তায় রোড শো করবেন ট্রাম্প। তাঁর সঙ্গে থাকবেন নরেন্দ্র মোদী। ট্রাম্প দাবি করেছিলেন, রোড শো-য় ৭০ লক্ষ মানুষ ভিড় করবেন। আমেদাবাদের মিউনিসিপ্যাল কমিশনার বিজয় নেহরা বৃহস্পতিবার বলেন, রাস্তায় ভিড় করবেন ১ লক্ষ মানুষ।
ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “ভারত আমাদের সঙ্গে খুব একটা ভাল ব্যবহার করে না। কিন্তু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব পছন্দ করি। তিনি আমাকে বলেছেন, এয়ারপোর্ট থেকে রোড শো করার সময় ৭০ লক্ষ লোকের ভিড় হবে।” কিন্তু পরে বিজয় নেহরা যে লোকসমাগমের কথা জানিয়েছেন, তা অনেক কম। আমেদাবাদ শহরের লোকসংখ্যাই ৭০ থেকে ৮০ লক্ষের মাঝামাঝি।
মোদী ও ট্রাম্প প্রথমে পরিদর্শন করবেন মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য সবরমতী আশ্রম। সেখান থেকে দু’জনে যাবেন মোতেরায় সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে। গত সেপ্টেম্বরে মোদী আমেরিকায় গেলে হিউস্টনে ‘হাউডি মোদী’ নামে অনুষ্ঠান হয়েছিল। সেই ধাঁচে সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার নাম ‘নমস্তে ট্রাম্প’।
২৪ তারিখ বিকালে তাজমহল দেখতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে অবশ্যই যাবেন স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের এই দুদিনের ভারত সফরের তালিকায় তাজমহল দর্শনের কথা জানানো হয়নি।