দ্য ওয়াল ব্যুরো : বুধবার পলাতক শিল্পপতি বিজয় মালিয়া লন্ডনে বোমা ফাটিয়েছেন, বিদেশে পালিয়ে আসার আগে নাকি দেখা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে। সেকথা শুনে অর্থমন্ত্রী বলেছেন, এ সবই বিজয় মালিয়ার ভাঁওতা। কিন্তু কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বললেন, অরুণ জেটলি মিথ্যা বলেছেন। আমাদের সাংসদ পি এল পুনিয়া ২০১৬ সালে বিজয় মালিয়াকে অরুণ জেটলির সঙ্গে কথা বলতে দেখেছিলেন।
রাহুলের কথায়, ২০১৬ সালের মার্চ মাসে সংসদের সেন্ট্রাল হলে বিজয় মালিয়া অরুণ জেটলির সঙ্গে মিটিং করছিলেন। আমাদের সাংসদ পি এল পুনিয়া দু’জনকে মিটিং করতে দেখেছেন। অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে, তিনি এক অপরাধীর সঙ্গে এত ঘনিষ্ঠতা করেছিলেন কেন? তাঁর সঙ্গে বিজয় মালিয়ার বৈঠকে কী আলোচনা হয়েছিল।
এদিন রাহুলের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পি এল পুনিয়া। তিনি বলেন, আমি দেখলাম পার্লামেন্টের সেন্ট্রাল হলে এককোণে বেঞ্চে বসে বিজয় মালিয়া ও অরুণ জেটলি কথা বলছেন। তার দু’দিন বাদেই বিজয় মালিয়া দেশ ছেড়ে পালিয়ে যান। তখনই আমার মনে হয়েছিল, দু’দিন আগেই তাঁকে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখেছি।
বুধবার বন্দি প্রত্যার্পণের মামলায় লন্ডনের কোর্টে শুনানিতে আসেন বিজয় মালিয়া। পরে সাংবাদিকদের বলেন, আমি দেশ ছেড়ে পালাইনি। জেনিভায় আমার একটা জরুরি মিটিং ছিল। তাই দেশ ছেড়ে এসেছিলাম। তার আগে অর্থমন্ত্রীর সঙ্গে আমি দেখা করি। তাঁকে বলি, ব্যাংকের সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই।
একথা শুনে অরুণ জেটলি বলেন, বিজয় মালিয়া মিথ্যা কথা বলছেন। ২০১৪ সালের পরে আমি তাঁর সঙ্গে কথা বলিনি।
https://twitter.com/arunjaitley/status/1039870454884909057