দ্য ওয়াল ব্যুরো : গত মাসে সুপ্রিম কোর্ট আধার কার্ডের সাংবিধানিক বৈধতা স্বীকার করে নিয়েছিল। সেই সঙ্গে বলেছিল, সরকার নানা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আধার নম্বর চাইতে পারবে। কিন্তু বেসরকারি টেলিকম অথরিটি গ্রাহকের আধার নম্বর চাইতে পারবে না। অর্থমন্ত্রী অরুণ জেটলি ইঙ্গিত দিয়েছেন, সংসদে আইন করে আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কিং বাধ্যতামূলক করতে পারে। তবে সত্যিই সরকার তেমন আইন আনছে কিনা নির্দিষ্ট করে বলেননি।
জেটলির কথায়, সুপ্রিম কোর্টের রায়ে খুব নির্দিষ্ট করে বলা হয়েছে, আধার কার্ড বৈধ। তবে আধার নাগরিকত্বের পরিচয়জ্ঞাপক কার্ড নয়। সরকারি সুযোগ সুবিধা ও ভরতুকি দিতে হলে আধার কার্ডের প্রয়োজন হয়। আধার কার্ড কোন কোন কাজে লাগতে পারে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছে। সেখানে বলা হয়েছে, প্রাইভেট কোম্পানিগুলি আধার কার্ড চাইতে পারবে না। কিন্তু সেকশন ৫৭-য় বলা হয়েছে, সরকার আইনের বলে অথবা চুক্তি করে অন্যকে আধার কার্ড ব্যবহারের অনুমতি দিতে পারে।
এর পরে জেটলি নির্দিষ্ট করে বলেন, আইন করে ফের মোবাইল ফোন ও ব্যাঙ্ক অ্যা কাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং বাধ্যতামূলক করা যায়।
সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা করে জেটলি বলেন, আয়করের ক্ষেত্রে আধার যুক্ত করতে বিচারপতিদের আপত্তি নেই। আমরা যদি প্রমাণ করতে পারি, মোবাইলের ক্ষেত্রেও আধার লিঙ্কিংয়ের প্রয়োজন আছে, তবে তা করা যাবে।