
শেষ আপডেট: 1 April 2024 06:24
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবন। নামটি নিজেই সুন্দর এবং মায়াবী। তবে শুধুই বাঘ আর ম্যানগ্রোভ অরণ্যের মাঝে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ নয়, সুন্দরবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে অনাবিল প্রকৃতি, বনবিবির আরাধনা সহ আরও কত রহস্য। তাই তো বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ গবেষক, প্রকৃতিবিদ এবং অভিযাত্রীদের মন টানে। আর এই সুন্দরবনের এক টুকরো ছবি উঠে এসেছে শিল্পীদের তুলিতে। ৫০ জন প্রতিযোগী তাঁদের তুলির টানে ফুটিয়ে তুলেছেন সুন্দরী সুন্দরবনকে। যাঁদের মধ্যে পুরস্কৃত হয়েছেন ১০ জন শিল্পী।
তিন দিন ধরে সুন্দরবনে 'ন্যাশনাল আর্ট ওয়ার্কশপ অ্যান্ড কম্পিটিশন'-এর আয়োজন করা হয়েছে। যেখানে বাংলা ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক সহ মোট ১৫ টি রাজ্য থেকে ৫০ জন প্রতিযোগী সুন্দরবনে এসেছেন। প্রাথমিকভাবে ৫০০ জনের ছবি জমা পড়েছিল। যেখানে থেকে ৫০ জন প্রতিযোগীর ছবি নির্বাচন করা হয়। তাঁরাই সুন্দরবনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে ১০ জনকে নির্বাচিত করবেন বিচারকরা। তিন দিন ধরে চলা অনুষ্ঠানে রবিবার শেষ পর্ব।
সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছেন শিল্পী কমল দাস। তাঁর আর্ট স্কুলের তরফেই ন্যাশনাল আর্ট ওয়ার্কশপ অ্যান্ড কম্পিটিশনের পোস্টার দেওয়া হয়। যৌথভাবে আয়োজক 'ক্যামেল কালার'ও। কমলবাবু জানিয়েছেন, দেশ জুড়ে এই প্রতিযোগিতায় বিপুল সাড়া মিলেছে। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে বিশেষ ক্ষমতাসম্পন্ন এক শিল্পীও অংশ নিয়েছেন। রং তুলিতে তিনিও ফুটিয়ে তুলছেন সুন্দরবনের প্রকৃতির রূপ।
কেনই বা বাংলার সুন্দরবনকেই বেছে নেওয়া হল? আসলে সুন্দরবনে প্রকৃতি আষ্ঠেপৃষ্ঠে রয়েছে। কমলবাবুর কথায়, "বাইরের মানুষের কাছে সুন্দরবন মানেই বাঘ আর জঙ্গল। কিন্তু এখানে রয়েছে আরও অনেক কিছু। বনবিবির আরাধনা, আদিবাসী সমাজ, বনদফতরের নানান কর্মশালা। তাই স্থানীয় পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় শিল্পীদের সুন্দরবন ঘোরানোর ব্যবস্থা করা হয়।'' তিন দিন ধরে শিল্পীরা তাঁদের চোখ দিয়ে সুন্দরবনে যা যা প্রত্যক্ষ করেছেন তাই রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন।
১০ জন প্রতিযোগীকে মোট ২৩ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ৩ হাজার টাকা এবং বাকি সাত জনকে ২ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। সার্টিফিকেটে থাকবে ক্যামেল কালারের লোগোও। এছাড়াও চূড়ান্ত প্রতিযোগীদের ছবি আগামী দিনে ক্যামেল কালারের তরফে দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে।