
নির্যাতিতার প্রতীকী মূর্তি
শেষ আপডেট: 2 October 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: জাস্টিস ফর আরজি কর! ৯ অগস্টের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ৫৫ দিন পরেও পথে মানুষ। মহালয়ার ভোর থেকে তর্পণের পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসানো হয়েছে প্রতিবাদের প্রদীপ। এবার বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের প্রতীকী মূর্তিটি গড়লেন শিল্পী অসিত সাঁই।
সেই মূর্তির সামনে দাঁড়িয়ে নতুন করে লড়াইয়ের শপথ নিলেন জুনিয়র ডাক্তাররা। বার্তা দেওয়া হল, আমরা যেন এই নারকীয় ঘটনার কথা ভুলে না যাই।
বস্তুত, বুধবার ধর্মতলায় সমাবেশের কথা রয়েছে জুনিয়র ডাক্তারদের। সেই মঞ্চ থেকে তাঁরা কী বার্তা দেন, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।
পূর্ব ঘোষণা মেনে বুধবার সকালে অর্থাৎ মহালয়ার দিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে বসল ‘অভয়া মূর্তি’।
রোদ-জল-ঝড় উপেক্ষা করে ডাক্তারদের আপোষহীন লড়াইকে কুর্নিশ জানালেন শিল্পী অসিত সাঁই। তাঁর কথায়, ‘জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া সোজা করে যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে কুর্নিশ জানাই। আর যেন এমন ঘটনা বিশ্বের কোথাও না ঘটে এই অঙ্গীকার আমাদের নিতে হবে।"
রাজ্যের আশ্বাসে সাড়া দিয়ে সম্প্রতি কর্মবিরতি প্রত্যাহার করছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে সাগর দত্ত মেডিকেলের হামলার ঘটনার জেরে মঙ্গলবার থেকে ফের নতুন করে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এবার আরজি করে বসল নির্যাতিতার প্রতীকী মূর্তি। বার্তা দেওয়া হল, আমরা যেন এই নারকীয় ঘটনার কথা ভুলে না যাই।
হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে অধ্যক্ষের ঘরের কাছেই বসানো হয়েছে মূর্তিটি। নির্যাতিতার প্রতীকী ভাস্কর নাম দেওয়া হয়েছে 'সময়ের কান্না'। এদিন সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ আরজি করে মূর্তিটি স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের নয়া সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন চিকিৎসক ও বিভাগীয় প্রধানরা।