দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্টেটাস তুলে নিয়ে কেন্দ্রীয় দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্তকে ‘সংবিধানকে খুন’ বলে মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম এ দিন রাজ্যসভায় বলেন, “এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধানকে খুন করল। একই সঙ্গে হত্যা করা হল ভারতের গণতন্ত্রকেও।”
রবিবার সন্ধে থেকে অনেকেই আন্দাজ করছিলেন, কাশ্মীর নিয়ে বড় পদক্ষেপের পথে হাঁটতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। হলও তাই। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের স্পেশাল স্টেটাস তুলে নিয়ে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতির সিলমোহর দেওয়া ওই সিদ্ধান্ত এ দিন রাজ্যসভায় পড়ে শোনান শাহ। জানিয়ে দেন এ বার থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল। দুটি অঞ্চলে থাকবেন দু’জন লেফটেন্যান্ট গভর্নর।
এ দিন রাজ্যসভায় প্রবল হট্টগোলের মধ্যেই সিদ্ধান্ত পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রেক্ষিতে কাশ্মীরের নেতা গুলাম বলেন, ৩৭০ ধারা (কাশ্মীরের স্পেশাল স্টেটাস) ঐতিহাসিক। পাল্টা অমিত শাহ বলেন, “গুলামজি ঠিকই বলেছেন। ৩৭০ ধারা ঐতিহাসিক। একই সঙ্গে এটা তুলে দিয়ে নতুন সিদ্ধান্তও সমান ঐতিহাসিক।”
এ দিন অমিত শাহ জম্মু-কাশ্মীর সম্পর্কে বলেন, সীমান্তের ওপার থেকে এসে সন্ত্রাসবাদীরা সেখানে অশান্তি সৃষ্টি করছে। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে জম্মু ও কাশ্মীরকেও পৃথক একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হচ্ছে। এবং লাদাখকে আলাদা অঞ্চল। লাদাখের ব্যাপারে সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবিকেই সরকার মর্যাদা দিয়েছে বলে দাবি করেন শাহ। সেখানকার মানুষ শ্রীনগরের নিয়ন্ত্রণ চান না।