দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলেছিলেন ভ্রষ্টাচারী নম্বর ওয়ান। মঙ্গলবার তার জবাবে প্রয়াত প্রধানমন্ত্রীর মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বললেন, গেরুয়া পার্টি এখন এত উদ্ধত হয়ে উঠেছে যে তাদের সঙ্গে দুর্যোধনের তুলনা করা যেতে পারে। তবে তিনি নির্দিষ্ট কারও নাম করেননি।
প্রিয়ঙ্কার কথায়, আমাদের দেশ কখনও উদ্ধত ব্যক্তিদের ক্ষমা করেনি। দুর্যোধনও খুব উদ্ধত ছিলেন। ভগবান কৃষ্ণ চেয়েছিলেন তাঁর সুবুদ্ধি ফিরে আসুক। কিন্তু তিনি উল্টে শ্রীকৃষ্ণকে বন্দি করতে চেয়েছিলেন।
আম্বালায় কংগ্রেস প্রার্থী কুমারী সেলজার সমর্থনে এদিন প্রিয়ঙ্কা সভা করেন। কবি রামধারী সিং দিনকরকে উদ্ধৃত করে তিনি বলেন, যখন কোনও ব্যক্তির পতন ঘনিয়ে আসে, তখন সে ভালো আর মন্দের তফাৎ বুঝতে পারে না।
বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ভোটের সময় তারা যে প্রতিশ্রুতি দেয় কখনই পালন করে না। তারা শহিদদের নামে ভোট চায়। আমার পরিবারে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের অপমান করে।
গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির প্রথম সারির নেতারা নেহরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন। বিশেষত রাজীব গান্ধীর বিরুদ্ধেই তাঁরা সমালোচনা করেছেন সবচেয়ে বেশি। গত কয়েক মাস ধরে রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আক্রমণ করেছেন মোদীকে। তাঁর দাবি, ওই চুক্তিতে বেআইনিভাবে শিল্পপতি অনিল অম্বানিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার জবাবে রাহুলের উদ্দেশে বলেন, আপনার বাবাকে একসময় সারা দেশের মানুষ মিস্টার ক্লিন বলে জানত। কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল এক নম্বর দুর্নীতিগ্রস্ত হিসাবে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ওই মন্তব্য করে মোদী কুরুচির পরিচয় দিয়েছেন। রাজীব গান্ধী দেশের স্বার্থে প্রাণ দিয়েছিলেন। কেউ তাঁকে পছন্দ না করতেই পারেন। কিন্তু প্রয়াত নেতার প্রতি সম্মান দেখানো উচিত।
বিজেপির সভাপতি অমিত শাহ তার জবাবে বলেন, মোদী সত্যি কথাটাই বলেছেন। বফর্স কামান কেনার সময় যে কেলেঙ্কারি হয়েছিল, তা তো মিথ্যা নয়।