
শেষ আপডেট: 21 August 2023 03:45
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতেই পুলওয়ামায় নতুন করে লড়াই শুরু হয়েছিল জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে। রাতভর লড়াইয়ের পর অবশেষে সোমবার সকালে সেনার পক্ষ থেকে জানানো হয়, লড়াই সফল। ২ জঙ্গি নিহত। সেই সঙ্গে পুলওয়ামাও আপাতত নিরাপদ হাতেই রয়েছে।
জানা গেছে, ২ জঙ্গিকে এনকাউন্টারে মারা হয়েছে। এখনও পর্যন্ত এই দুই নিহত জঙ্গির পরিচয় জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে নিহত ২ জঙ্গির একজন লস্কর-ই-তৈবার সদস্য। সম্ভবত, ওই জঙ্গি সংগঠনের শীর্ষ কম্যান্ডার পদে ছিলেন দুজনের কোনও একজন। ওই দুই জঙ্গির দেহ উদ্ধার করলে বিশদে জানা যাবে বলে অনুমান সেনাবাহিনীর।
কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের যে চেষ্টা চলছে তা ২ সপ্তাহ আগেই জেনেছিল সেনাবাহিনী। কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছেন, পুলওয়ামাতে যে নতুন করে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে জঙ্গি বাহিনী সেই খবর আগে থেকেই ছিল। সেই পরিকল্পনা মাফিক রবিবার গভীর রাতে আক্রমণ চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই সেখানে শুরু হয় গুলির লড়াই।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বড় রকমের জঙ্গি হানা ঘটেছিল। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি যাওয়ার সময়ে আত্মঘাতী হামলা হয়। ওই জঙ্গি হানায় সিআরপিএফের চল্লিশ জওয়ানের মৃত্যু হয়েছিল।
পুলওয়ামায় ওই হামলার পরই পাল্টা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হয়। তার পর থেকে কাশ্মীরে বড় কোনও জঙ্গি হানার ঘটনা ঘটেনি। তবে রবিবার ফের শিরোনামে উঠে এলো পুলওয়ামা।
পুলওয়ামায় জঙ্গিদের ঘিরে ফেলল সেনা, গুলির লড়াই চলছে, জানাল কাশ্মীর পুলিশ