
শেষ আপডেট: 18 November 2022 06:08
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেন (Train) থেকে সেনাকর্মীকে (Army Man) ধাক্কা মেরে ফেলে দিল কর্তব্যরত টিটিই (TTE)। জানা গেছে, ওই টিকিট পরীক্ষকের সঙ্গে ট্রেনের ভিতরেই জোর বচসা হচ্ছিল সেনাবাহিনীর সেই কর্মীর। এরপরই হঠাৎ রাগের বশে সোনু নামের ওই সেনাকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনের নীচে ঠেলে ফেলে দেন অভিযুক্ত টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) বরেলীতে। ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সেনাকর্মী। তিনি মিলিটারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, ওঁর একটি পা কেটে বাদ দিতে হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা বেশ সংকটজনক, বলছেন চিকিৎসকরা। অন্যদিকে অভিযুক্ত টিটিই সুপান বোরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই টিটি বর্তমানে পলাতক। তাঁকে ধরার চেষ্টা করছে জিআরপি।
শুক্রবার সকালে ওই সেনাকর্মীর সঙ্গে টিকিট নিয়ে বচসা শুরু হয় অভিযুক্ত টিকিট পরীক্ষকের। এরপর বরেলী স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই রাগের বশে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় সে। এই একই সময় উল্টোদিক থেকে আরও একটি ট্রেন আসছিল। ছিটকে পড়ে সেই ট্রেনের সামনে পড়েন ওই সেনাকর্মী। কাটা পড়ে ওঁর পা। গোটা ঘটনাটিই প্রত্যক্ষ করেন স্টেশনে উপস্থিত সকল যাত্রী। ট্রেনটি চলে যাওয়ার পর তাঁরাই সঙ্গে সঙ্গে রেললাইনে নেমে আহত ওই জওয়ানকে উদ্ধার করেন।
এদিকে, গোটা বিষয়টি জানাজানি হতেই উত্তর রেলওয়ের তরফে শুরু হয়েছে তদন্ত। জিআরপি অফিসার অজিত প্রতাপ সিং জানান, অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই টিটিই পলাতক। তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, ওই সেনাকর্মীকে ধাক্কা মারার পর ট্রেনে থাকা কয়েকজন যাত্রীর হাতে মার খায় ওই টিটিই। এরপর কোনওমতে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় অভিযুক্ত।
সাভারকারকে নিয়ে মহারাষ্ট্রে রাহুলের মন্তব্যে আপত্তি উদ্ধবের, অস্বস্তিতে কংগ্রেস