বিজেপি নেতা খুনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির আশঙ্কা, কিশতোয়ারে নামল সেনা
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা খুনের জেরে অগ্নিগর্ভ হতে পারে পরিস্থিতি। তাই সামাল দিতে, পুলিশি প্রহরার পাশাপাশি আগেভাগেই সেনা নামল জম্মু-কাশ্মীরের কিশতোয়ার টাউনে। নিয়ন্ত্রণ করা হয়েছে যান বাহন চলাচল৷ পাশাপাশি, সাধারণ মানুষের গতিবিধিও নজরদারি
শেষ আপডেট: 2 November 2018 04:13
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা খুনের জেরে অগ্নিগর্ভ হতে পারে পরিস্থিতি। তাই সামাল দিতে, পুলিশি প্রহরার পাশাপাশি আগেভাগেই সেনা নামল জম্মু-কাশ্মীরের কিশতোয়ার টাউনে। নিয়ন্ত্রণ করা হয়েছে যান বাহন চলাচল৷ পাশাপাশি, সাধারণ মানুষের গতিবিধিও নজরদারি করা হচ্ছে৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেনা৷ প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি৷
বৃহস্পতিবার রাত আটটা নাগাদ বন্দুকবাজের হামলায় নিহত হন বিজেপি নেতা অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত পারিহার৷ খবর পেয়েই সমগ্র এলাকা ঘিরে ফেলা হয়৷ বন্দুকবাজের সন্ধানে তল্লাশি জারি করা হয়৷ পাশাপাশি জারি করা হয় কার্ফু৷ এর পরেই গভীর রাতে কিশতোয়ারের জেলাশাসক এ এস রানা কার্ফু জারি করেন গোটা এলাকায়৷ তখনই সেনা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিশতোওয়ার থানা লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে পরিস্থিতির আরও অবনতি হয়৷ আশঙ্কা বাড়ে, শুক্রবার আরও খারাপ হতে পারে আবহ৷
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা অনিল পরিহার ও তাঁর ভাইকে হত্যা করলো জঙ্গিরা
বিজেপি নেতার খুনে কড়া নিন্দা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক কউল৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷ নিন্দা করেছেন সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামিও৷ দোষীদের শাস্তির দাবি জানিয়ে ঘটনার সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর৷ এই ঘটনাকে দুঃখজনক ও নৃশংস বলে ব্যাখ্যা করেছেন তিনি৷ তাঁর দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে৷ বিজেপি নেতার খুনের ঘটনা নিন্দনীয় বলে সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি দেবেন্দ্র সিং রানাও৷