.webp)
শেষ আপডেট: 8 May 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বানচাল করার জন্য সভাস্থলের মাটি ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
আগামী ১২ মে জগদ্দলের পেপার মিলের মাঠে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অর্জুনের অভিযোগ, "প্রধানমন্ত্রীর ওই সভা বানচাল করার জন্য মঙ্গলবার থেকে ট্রাক্টরে করে পেপার মিলের মাঠের মাটি খোঁড়ার কাজ শুরু করেছে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা। আর তৃণমূলের এই অপকর্মে সম্পূর্ণ মদত রয়েছে পুলিশের।"
বিজেপি সাংসদের আরও অভিযোগ, "পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার উপস্থিতিতে মাঠ খোঁড়া হচ্ছিল। ট্রাক্টরের চালক আমাকে বলেন, পুরসভা মাটি খুঁড়তে নির্দেশ দিয়েছে। কিন্তু ওই মাঠটা পুরসভার নয়। ওটার মালিক আগে ছিল পেপার মিলের, এখন টিটাগড় ওয়াগনের অধীনে রয়েছে। এর থেকেই স্পষ্ট, তৃণমূলের বেআইনি কাজে মদত দিতে পুলিশ কমিশনার নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।"
এ ব্যাপারে পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, "ওই মাঠে য়ে প্রধানমন্ত্রীর সভা রযেছে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্যই মাঠ পরিষ্কার করা হচ্ছিল। বিজেপির তরফে জানানোর পরই মাঠের মাটি খোঁড়ার কাজ বন্ধ করে তা সমান করে দেওয়া হয়েছে। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়।"
যদিও অর্জুন জানিয়েছে, মোদীর সভাকে ঘিরে বুধবার থেকে সংশ্লিষ্ট মাঠের পাহারার দায়িত্বে থাকবেন বিজেপির কর্মীরা। তাঁর দাবি, "তৃণমূল মোদী আতঙ্কে ভুগছে। তাই প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে এবার সভাস্থলের মাটি খোঁড়ার কাজ শুরু করেছিল।"