
শেষ আপডেট: 10 December 2023 21:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শাসকদলের গোষ্ঠীকোন্দল ভাটাপাড়া নতুন নয়। তাতে ঘি ঢেলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ভিকি যাদব খুনে ঘটনায় দলের সাংসদ অর্জুন সিং ও তাঁর পরিবারকেই দায়ী করেছেন তিনি। সোমনাথবাবু বলেছেন, '' আমি বলেছি, ভিকি যাদব খুনে কোথাও না কোথাও সাংসদ বা তাঁর পরিবারের কেউ জড়িত রয়েছে।'' একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই বিধায়ক। সোমনাথ শ্যামের সেই কথার পাল্টা উত্তর দিলেন সাংসদ অর্জুন সিং। বিধায়ককে 'পোলট্রির মুরগি' কটাক্ষ করলেন তিনি।
রবিবার সন্ধের সময় ভাটপাড়ায় একটি জনসভায় গিয়েছিলেন অর্জুন। সেখানে তিনি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, '' মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি না করে আমাকে 'পোলট্রির মুরগি'কে জবাব দিতে হবে। এখন যদি পোলট্রির মুরগির ডিএনএ যাচাই করা হয়। তাহলে সেখানেও ফেল করবে।''
এখানেই থামেননি অর্জুন। বলেন, ''খুব শীঘ্রই এই পোলট্রির মুরগির ডিএনএর খোঁজ করতে হবে। কেন সে আজকাল এত কুকরুকু, কুকরুকু করে ডাকছে। যদি এই অঞ্চলে তোমার বিরুদ্ধে একটাও মন্তব্য করে ফেলি তাহলে এই অঞ্চলের জনতা তোমরা কী অবস্থা করবে সেটা টের পেয়ে যাবে।'' এইভাবেই নাম না করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে একের পর এক আক্রমণ শানাতে থাকেন।