
অর্জুন সিং ও পার্থ ভৌমিক।
শেষ আপডেট: 27 April 2024 11:13
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালি যোগের প্রমান দিয়ে এবার বিস্ফোরক টুইট ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। অর্জুনের ওই টুইট ঘিরে শোরগোল তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।
বিজেপি প্রার্থীর আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। একই সঙ্গে অর্জুনের বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নৈহাটি পুরসভা কর্তৃপক্ষ।
টুইটে অর্জুন সিং দাবি করেছেন,ওএনজিসি 'সিএসআর' ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'মা সারদা ওমেন এন্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটিকে'। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলো আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করে।
বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দাবি, "ওএনজিসি 'সিএসআর' ফান্ডের মাধ্যমে সন্দেশখালির 'মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে' কিছু সামগ্রী দান করেছে। কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনও সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে প্রদান করেছে। এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালি যোগের প্রমান ধরা পড়েছে।"
এ ব্যাপারে পার্থর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, "হাস্যকর ভিত্তিহীন অভিযোগ। উনি ভোটের সময় কুৎসা করছেন। ওর বিরুদ্ধে মানহানির মামলা করব।"
প্রসঙ্গত, এর আগেও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সন্দেশখালির শেখ শাহজাহান ও তার সাগরেদদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনেছিলেন অর্জুন।