দ্য ওয়াল ব্যুরো: জীবন মিলিয়ে দেয় সবকিছু। সবার সব প্রাপ্তি হয়তো পূর্ণ হয় না, কিন্তু কারোর ক্ষেত্রে স্বপ্নপূরণের ভাঁড়ার উপচে পড়ে।
যেমন কাশ্মীরের আরিফ খান, কোনওদিন ভাবেননি তিনিই হবেন অলিম্পিকের মতো মেগা ইভেন্টে দেশের একমাত্র প্রতিনিধি। সেটাই ঘটল শুক্রবার বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের মার্চপাস্টে।
কাশ্মীরের গুলমার্গের আরিফ পুরো দেশকে স্বপ্ন দেখাচ্ছেন। এবারের অলিম্পিকে স্কি ইভেন্টে ভারতের একমাত্র প্রতিনিধি ৩১ বছরের এই নামী অ্যাথলিট। তাঁর হাতে ভারতের তেরঙ্গা দেখে আবেগাপ্লুত কাশ্মীর থেকে কন্যাকুমারীও।
হাজিবল ট্যাংমার্গের বাসিন্দা আরিফ। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চার বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আরিফ দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘‘আমার স্বপ্ন অবশেষে সত্যি হল। যে স্বপ্নের পিছনে আমি এতদিন ধাওয়া করে এসেছি, সেটাই সফল হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেটির বাস্তব রূপ দিতে পেরে ভাল লাগছে।’’
https://twitter.com/mohsin_wani99/status/1489660177146019842
১৯৯৪ সালে আইস স্কি শুরু করেছিলেন আরিফ। ২০০৮ থেকে পেশাদার স্কি-তে আসেন। রাজ্য ও জাতীয় স্তরের একাধিক টুর্নামেন্টে এর আগে অংশ নিয়েছেন আরিফ। ২০০৫ সালে নিজের শহরে অনুষ্ঠিত রাজ্য স্তরের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আরিফ। সেখানে তাঁর পারফরম্যান্স দেখার পরে ১৪-তম জুনিয়র অ্যালপাইন স্কি চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হন। আমেরিকা, জাপান, তুরস্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে , লেবানন, অস্ট্রিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন আরিফ। ১২৭টি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে সফল তিনি।
তিনি কৃতজ্ঞ বাবার প্রতি। তাই বারবার বলেছেন, ‘‘বাবা না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। কারণ উনি আমাকে পথ দেখিয়েছেন, সাহস দেখিয়ে গিয়েছেন।’’