
তৃণমূলের আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগের গাড়ি।
শেষ আপডেট: 5 May 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়ল তৃণমূলের আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগের গাড়ি। মিতালিদেবী অবশ্য ওই সময় গাড়িতে ছিলেন না।
তৃণমূলের অভিযোগ, মিতালিদেবীর ওপরেই হামলা চালাতে এসেছিল বিজেপির লোকজন। তাঁকে না পেয়ে গাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। বিজেপির তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
এদিন আরামবাগের খানাকুল-২ নম্বর ব্লকের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখন তলায় প্রচারে গিয়েছিলেন মিতালিদেবী। দলীয় সূত্রের খবর, বাঁধের ওপর গাড়িটি রেখে বাড়ি বাড়ি প্রচারে যান তৃণমূল প্রার্থী। অভিযোগ, সেই সময় বিজেপির লোকজন গাড়িতে ভাঙচুর চালায়। গাড়ির পিছনের উইন্ডশিল্ড-সহ জানালাগুলোর কাঁচ ভেঙে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এব্যাপারে পুলিশের পাশাপাশি কমিশনেও অভিযোগ জানাচ্ছে তৃণমূল। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "সন্দেশখালির গোপন স্টিং ভিডিওর দৌলতে বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে যেতেই এলাকায় এলাকায় বিজেপির নেতা, কর্মীরা হামলার পথকে বেছে নিয়েছে।" মিতালী দেবী বলেন, "যেভাবে ওরা আমার গাড়িতে হামলা চালালো মানুষ ভোট বাক্সে তার যোগ্য জবাব দেবে।"
বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে পরিস্থিতির জন্য শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছে। বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "ওই ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত নন। এটা,বিজেপির কালচার নয়। যে ভাবে গোটা রাজ্য জুড়ে চাকরি দুর্নীতি-সহ একাধিক কাণ্ডকারখানা তৃণমূল করেছে তাতে এটা জনরোষের ঘটনা কিংবা ওদের গোষ্ঠীকোন্দলের জেরে হয়ে থাকতে পারে।"
আগামী ২০ মে পঞ্চম দফায় শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়ার সঙ্গে ভোট হবে আরামবাগেও।
গত লোকসভা ভোটে আরামবাগে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল-বিজেপির মধ্যে। মাত্র ১ হাজার ১৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। এবারে অবশ্য অপরূপাকে টিকিট দেয়নি শাসকদল। পরিবর্তে সেখানে এবারে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। বিজেপিও এবারে প্রার্থী বদল করেছে। মিতালির বিপরীতে লড়ছেন অরূপ কুমার দিগার। শাসকদলের অভিযোগ, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই হামলা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।