
শেষ আপডেট: 23 November 2022 12:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দেশের তৃতীয় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন পদস্থ আমলা অরুণ গোয়েল (Arun Goel)। বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি মামলায় আগামীকাল বৃহস্পতিবার গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনার পদে নিয়োগ ঘিরে আদালতের এমন রায়ের কোনও নজির নেই বলে ওয়াকিবহাল মহলের খবর।
বুধবার বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনারদের বাছাই করুক। এখন প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ দফতর কমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকে। মামলায় দাবি করা হয়েছে, কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হোক। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের কলেজিয়াম সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বাছাই করে। কেন্দ্রীয় সরকার তাঁদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিয়ে থাকে।
আজ এই মামলার শুনানিতে আইনজীবী প্রশান্তভূষণ বলেন, মঙ্গলবার আইএএস অফিসার অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে। সাধারণত ওই পদে অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হয়। কিন্তু অরুণ গোয়েল গত সপ্তাহের শেষ কর্মদিবসের দিনেও ভারী শিল্প দফতরের সচিব ছিলেন। তাঁর চাকরির মেয়াদ ছিল এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাঁকে আগাম অবসর দিয়ে নির্বাচন কমিশনার করা হয়েছে। এই সিদ্ধান্তে স্পষ্ট কোনও বিশেষ কারণে তাঁর প্রতি সরকারের আস্থা আছে। কোনও অবসরপ্রাপ্ত অফিসারকেই নিয়োগ করা যেত। যদিও সরকার সে পথে হাঁটেনি।
বিচারপতি জোসেফ বলেন, আমরা জানি, আগাম অবসর নিতে হলে অন্তত তিন মাস আগে আবেদন করতে হয়। গোয়েলের ক্ষেত্রে কী হয়েছে আমরা জানতে আগ্রহী। এরপরই বিচারপতি জোসেফ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে বলেন, আগামীকাল ফাইল পেশ করুন আদালতে। অ্যাটর্নি জেনারেল আইনজীবী প্রশান্ত ভূষণের কথায় আপত্তি তুললে বিচারপতি তাঁকে থামিয়ে দিয়ে বলেন, আমরা তো ফাইল দেখতে চেয়েছি। ফাইল দেখলেও জানা যাবে কীভাবে অরুণ গোয়েলকে বাছা হয়েছে। আগাম অবসরেও নিয়ম ভাঙা হয়েছে কি না সেটাও জানা যাবে।
হাসপাতালে ঘুরছে কুকুর, মুখে সদ্যোজাতের মৃতদেহ! হুলস্থূল মহিলা চিকিৎসাকেন্দ্রে