App Cab Security: অ্যাপ ক্যাবে ভাড়া কমানোর পাশাপাশি যাত্রী সুরক্ষাতেও কঠোর বিধি নবান্নের
অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা (App Cab Security) নিশ্চিত করতে বহু বছর ধরেই পদক্ষেপ করে আসছিল রাজ্য পরিবহণ দফতর। মামলা মোকদ্দমায় তা আটকে গিয়েছে বারে বারে। যাবতীয় মামলার নিষ্পত্তির পর এবার অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা (Security) নিশ্চিত করতে পদক
শেষ আপডেট: 4 March 2022 06:45
অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা (App Cab Security) নিশ্চিত করতে বহু বছর ধরেই পদক্ষেপ করে আসছিল রাজ্য পরিবহণ দফতর। মামলা মোকদ্দমায় তা আটকে গিয়েছে বারে বারে। যাবতীয় মামলার নিষ্পত্তির পর এবার অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষা (Security) নিশ্চিত করতে পদক্ষেপ করল
রাজ্য সরকার (Nabanna)। বৃহস্পতিবার জারি করা পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপ ক্যাবের চালক হিসাব কাউকে যুক্ত করার আগে ন্যূনতম ছয় দিন কিংবা ৩০ ঘণ্টার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। প্রশিক্ষণ শিবিরে সেখাতে হবে যান চলাচল সংক্রান্ত বিধি এবং গাড়িতে যাত্রীদের প্রতি আচরণ, মহিলা যাত্রীদের সুরক্ষার বিষয়ে বাড়তি সতর্কতা ইত্যাদি।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত অ্যাপ ক্যাবে যাত্রী সুরক্ষায় জিপিএস সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। এছাড়া থাকতে হবে এআইএস ১৪০ সুরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় পুলিশ বা পরিবহণ দফতর প্রয়োজনে সংশ্লিষ্ট গাড়ির অবস্থান জানতে পারবে। থাকতে হবে প্যানিক বাটন। যাতে যাত্রী গাড়িতে কোনও ধরনের সমস্যায় পড়লে, নিজেকে নিরাপদ মনে না করলে প্যানিক বাটনের সাহায্যে পুলিশ এবং সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
অ্যাপ ক্যাবে প্রায়ই রাইড বাতিলের অভিযোগ ওঠে। রাইড বাতিল করলে ১০০ টাকা জরিমানা হবে চালকের। জরিমানার টাকা যাবে যাত্রীর অ্যাকাউন্টে। আবার যাত্রী নির্দিষ্ট সময় অপেক্ষা করার আগেই রাইড বাতিল করতে তারও জরিমানা হবে ১০০ টাকাই। তবে এই টাকা কীভাবে অ্যাকাউন্টে যাবে সেই প্রক্রিয়া সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।
অ্যাপ ক্যাবের ভাড়া কমছে রাজ্যে, এখন থেকে আর ইচ্ছামতো জুলুম করা যাবে না
বছর দুয়েক আগে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক অ্যাপ ক্যাব নিয়ে নির্দেশিকা চালু করেছিল। তখন রাজ্য সরকার ওই নির্দেশিকা বলবৎ করেনি। যদিও অ্যাপ ক্যাব চালক সংগঠনগুলি ওই নির্দেশিকা চালু করার আর্জি জানিয়ে আসছিল। কারণ, নির্দেশিকায় অ্যাপ ক্যাব কোম্পানিগুলিকেও নানা বিধিনিষেধের আওতায় আনার বিধান রয়েছে। চালকদের মাথাপিছু পাঁচ লাখ টাকার বিমা করিয়ে দিতে হবে অ্যাপ ক্যাব কোম্পানিগুলিকেই, এমন বিধানও রয়েছে ওই নির্দেশিকায়।
বৃহস্পতিবারের নির্দেশিকা মেনে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নতুন করে রাজ্য পরিবহণ দফকরের কাছ থেকে লাইসেন্স নিতে হবে আগামী ছয় মাসের মধ্যে। এই ব্যাপারে এখনও পর্যন্ত অ্যাপ ক্যাব কোম্পানিগুলির বক্তব্য জানা যায়নি। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড নয়া নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে।