
শেষ আপডেট: 23 April 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসকে তাঁকে স্মরণে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হল সত্যজিৎ সিরিজের ‘অপরাজিত সত্যজিৎ’ (চতুর্থ) খণ্ড।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, অর্থ আধিকারিক মৃদুল কুণ্ডু, বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, গ্রন্থ সম্পাদক অধ্যাপক সুখেন বিশ্বাস প্রমুখ।
বইটির ভূমিকায় বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় লিখেছেন, 'সত্যজিৎ রায়কে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় নিরন্তর কাজ করে যাচ্ছে। সেজন্য পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কৃতজ্ঞ। কিন্তু চতুর্থ খণ্ডেই থেমে থাকলে চলবে না। পঞ্চম খণ্ডেরও প্রয়োজন। কথায় আছে অধিকন্তু ন দোষায়।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, 'পঞ্চম খণ্ডের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এক বছরের মধ্যেই পরের খণ্ড প্রকাশিত হবে।' সিনেমার পাশাপাশি এই বইয়ে স্থান পেয়েছে সত্যজিতের সাহিত্য, স্মৃতিচারণা, জীবন-দর্শন, বিদেশযাপন ইত্যাদি সম্পর্কিত অনেক অজানা তথ্য। সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় জানালেন, 'বাবাকে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।'
উল্লেখ্য, চারটি খণ্ডের কোনওটিতে নেই একটিও পুনর্মুদ্রিত লেখা। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক শ্রুতি দে-এর লেখায় জানা গেছে তাঁদের বিশ্ববিদ্যালয়ে সত্যজিতের কল্পবিজ্ঞান, গবেষণায় বাস্তব হয়েছে। মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস্-এর অধ্যাপক ইরিনা প্রকোনভা তাঁর লেখার শিরোনামে জানিয়েছেন, 'আমার গুরু সত্যজিৎ।'
অন্যদিকে ফ্রান্সের লেখক ফিলিপ বনোয়া বলেছেন, 'আমার হাতেখড়ি দিয়েছেন সত্যজিৎবাবু।'
চারটি খণ্ডই সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস। সত্যজিৎ রায়ের চিকিৎসক ড. বক্সি ছাড়াও কলম ধরেছেন দীপংকর দে, প্রসাদরঞ্জন রায়, শ্রমণা গুহঠাকুরতা, স্বাতীলেখা সেনগুপ্ত, চিন্ময় গুহ, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, অমরেন্দ্র চক্রবর্তী-সহ ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ইত্যাদি দেশের ৫৫ জন লেখক।