দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত চাইলে তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে রাজি। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত জানিয়ে দিল, কারও মধ্যস্থতার দরকার নেই। কাশ্মীর নিয়ে কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনাই হতে পারে। সেই আলোচনা হবে পাকিস্তানের সঙ্গে।
বিদেশমন্ত্রী এস জয়শংকর শুক্রবার টুইট করে বলেছেন, আমি আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, কাশ্মীর নিয়ে যদি কোনও আলোচনা হয়, তা হবে একমাত্র পাকিস্তানের সঙ্গে। আমরা দ্বিপাক্ষিক আলোচনা চাই। ব্যাংককে পূর্ব এশিয়ার বিদেশমন্ত্রীদের বৈঠকে পম্পিও উপস্থিত হয়েছেন। সেখানেই জয়শংকর তাঁকে একথা জানান।
https://twitter.com/DrSJaishankar/status/1157141388783341568
গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছেন। সেবারও ভারত জানিয়ে দেয়, আমরা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি নই। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাব মানবেন কি মানবেন না ঠিক করবেন মোদীই।
পরে ট্রাম্প বলেন, আমি মনে করি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দু'জনেই 'ফ্যানটাসটিক পিপল'। তাঁরা নিজেরাই সব সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। কিন্তু যদি তাঁরা সাহায্য চান, আমাকে মধ্যস্থতা করতে বলেন, তাহলে আমি রাজি আছি।
ট্রাম্প মনে করেন, কাশ্মীর নিয়ে বহুদিন ধরে সমস্যা রয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়, কীভাবে ওই সমস্যার সমাধান হতে পারে? তিনি বলেন, ভারত ও পাকিস্তান চাইলে আমি এ ব্যাপারে সাহায্য করতে পারি।