দ্য ওয়াল ব্যুরো: ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। বাবা বিরাট কোহলি খুব খুশি। আজ বিকেলে তিনি নিজেই পোস্ট করেন সুখবর।
বিরাট কোহলি লেখেন, "আমাদের মেয়ে হয়েছে। বাঁধনছাড়া আনন্দ হচ্ছে। আপনাদের ভালবাসা, শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। অনুষ্কা ও বাচ্চা দুজনেই ভাল আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা আশা করব, এই সময়ে আমাদের ব্যক্তিগত স্পেসটুকুর মর্যাদা দেবেন আপনারা। ভালবাসা-সহ, বিরাট।"
https://twitter.com/imVkohli/status/1348580955594768385
গত বছরের অগস্ট মাসে, আইপিএল ম্যাচের ঠিক আগেই খুশির খবর শুনিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। জানিয়েছিলেন, বাবা-মা হতে চলেছেন তাঁরা। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিরাট। ক্যাপশনে বোঝা গেছিল, ২০২১ সালের জানুয়ারি মাসেই তাঁদের সন্তান জন্ম নেবে।
ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা বিয়ের পর জানিয়েছিলেন, তাঁরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে একে অন্যের সঙ্গে সময় কাটানোর সুযোগ টুকুও পান না তাঁরা। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে একটা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন বিরাট ও অনুষ্কা। তখনই হয়তো পরিবার নতুন অতিথি নিয়ে আসার পরিকল্পনা করেছেন তাঁরা।
এই খবর পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল শুভেচ্ছার বন্যা। সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা সবাই শুভেচ্ছা জানান তাঁদের। তবে শুভেচ্ছার পাশাপাশি তাঁদের নিয়ে প্রচুর চর্চাও শুরু হয়। পাপারাজ্জির দল রীতিমতো ফলো করতে থাকে হবু মা-বাবাকে। এই নিয়ে যারপরনাই বিরক্তও হন অনুষ্কা। বিরাটও জানান, তাঁরা তাঁদের সন্তানকে মিডিয়ার সামনে বড় করতে চান না। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে রাখতে চান।
তবে অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন না অনুষ্কা নিজে। বরং তিনি নানা মুহূর্ত উদযাপন করেছেন সোশ্যাল মিডিয়াতেই। কখনও সুন্দর পোশাক পরা ছবি দিয়ে পেটে হাত দিয়ে লিখেছেন "আ পকেটফুল অফ সাসশাইন", কখনও শীর্ষাসন করার ছবি পোস্ট করে জানিয়েছেন, ফিটনেসের সঙ্গে কোনও আপস করছেন না তিনি, তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। শুধু তাই নয়, দিন কয়েক আগে ফ্যাশন ম্যাগাজিন ভোগের কভার ফোটোতেও দেখা যায় অন্তঃসত্ত্বা অনুষ্কাকে। বোল্ড অ্যান্ড বিউটিফুল লুকে সকলকে বিস্মিত ও মুগ্ধ করেছিলেন তিনি।
এসবের পাশাপাশিই চলছিল দিন গোনা। কবে জন্ম নেবে সন্তান। চলছিল জল্পনাও। বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, জ্যোতিষশাস্ত্র নাকি বলেছে, মেয়েই হবে অনুষ্কা-বিরাটের। সে যাই হোক, জ্যোতিষ মেনেই হোক বা প্রাকৃতিক নিয়মেই হোক, কন্যাসন্তানেরই জন্ম দিয়েছেন অনুষ্কা। আর এই মুহূর্তের ভাল খবর হল, শিশু ও মা দুজনেই ভাল আছেন, সুস্থ আছেন।