
Anupam Roy's Metro Ride
শেষ আপডেট: 15 March 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: বোবা টানেলের গলা চিরে ইচ্ছেরা তখনও যে ছুটত। তাইতো লেখা হয়েছিল অনুপম রায়ের জনপ্রিয় সেই গান। সময়ের ধারা বয়ে এসে তার সমাপতনটাও হল চমৎকার। গঙ্গার নীচ দিয়ে বোবা টানেলে শুক্রবার জুড়ে গেল দুই প্রাচীন শহর কলকাতা আর হাওড়া। কলকাতা মেট্রোর গর্বের ইতিহাসে এই নতুন পালক জোড়ার মুহূর্তে মেট্রো রেলের কামরাতে বসেই অনুপম শোনালেন সেই গান। 'ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে'।
এসপ্ল্যানেড থেকে হাওড়ামুখী মেট্রো রেলের কামরায় তখন উৎসবের মেজাজ। আরেকটু পরেই যে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। ১৮৮৪ সালে দেশের প্রথম মেট্রোরেল চলেছিল কলকাতায়। ৪০ বছর পর আজ ফের মেট্রো পথে ইতিহাস গড়ল এই শহর। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ। ভোরের আলো ফোটার পর খোলে গেট। টিকিট কেটে ফার্স্ট রাইডের আনন্দ নিতে ততক্ষণে হুড়োহুড়ি। গঙ্গার নীচ দিয়ে মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলোর ছটা! তাতে উচ্ছ্বাসের মাত্রা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। করতালির শব্দে ট্রেন তখন একেবারে সরগরম।
একে একে মহাকরণ, হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছাতেই ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনের ৪৪১ জন যাত্রী। একই দিনে চালু হল শহরের অন্য দুই প্রান্তের দুই মেট্রো পথ। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে। আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে পৌঁছে গেল মাঝেরহাট স্টেশন।