সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হতে পারে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 June 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: বোলপুরের ভাইরাল অডিও কাণ্ডে (Anubrata Mondal Viral Audio Case) এবার থানার আইসি (Bolpur IC) আইসি লিটন হালদারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু করল জেলা পুলিশ। সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হতে পারে।
গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal News) বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।
এরপরই দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। মোবাইল হুমকি কাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করে পুলিশ। দু'বার পুলিশ তলব করলেও এখনও হাজিরা দেননি কেষ্ট। এরই মধ্যে আইসির বিরুদ্ধে পুলিশের তরফে বিভাগীয় তদন্ত শুরু হল বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, আইসির মোবাইল থেকে অডিও ক্লিপ বিজেপির কাছে কী করে গেল, সেই প্রশ্ন তুলেছিলেন কেষ্টই। এবার পরোক্ষে ওই একই প্রশ্নে জেলা পুলিশের তরফে আইসির বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত। যদিও এ ব্যাপারে বীরভূমের এসপি আমনদীপের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ কর্তার মোবাইলের রিং বেজে গিয়েছে। এ ব্যাপারে মন্তব্য করতে চাননি বোলপুরের আইসি লিটন হালদারও।
তবে আইসির বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ, অনুব্রতকে বাঁচাতে আইসিকে বলির পাঁঠা করা হচ্ছে। এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন, "ভাইরাল অডিও কাণ্ডে অনুব্রতর কিছু হবে না, আগামীদিনে বোলপুরের আইসিকে সাসপেন্ড হতে হবে।" ঘটনা পরম্পরা সেদিকেই এগোচ্ছ বলে দাবি পদ্ম শিবিরের।
যদিও পুলিশ সূত্রের দাবি, বিষয়টি এভাবে দেখা ঠিক নয়। তাঁদের বক্তব্য, আইসিকে ফোনে হুমকি দিয়ে অনুব্রত যেরকম দণ্ডনীয় কাজ করেছেন একইভাবে অডিও ক্লিপিংস অন্যকে দিয়ে তদন্তের বিষয়বস্তু ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে আইসির বিরুদ্ধেও। এভাবে তদন্তাধিন কোনও বিষয় প্রকাশ করা যায় না। এক্ষেত্রে আইসির ভূমিকা খতিয়ে দেখা হবে। সেকারণেই বিভাগীয় তদন্ত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইসিকে কেষ্টর দেওয়া ওই মোবাইল হুমকির অডিও সোশ্যাল মাধ্যমে ফাঁস করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কীভাবে আইসির অডিও পেল, তখনই এই প্রশ্ন তুলেছিলেন কেষ্ট। পরে নিজের বলা ভাষার জন্য শ্রমা চাইলেও গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন অনুব্রত। এবার এ বিষয়েই আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল জেলা পুলিশ।