দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ কলকাতা শহরে শুরু হল করোনার অ্যান্টিবডি টেস্ট। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলকাতা পুরসভার ১৬টি বরোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং আইসিএমআর-এর পক্ষ থেকে কলকাতা পুরসভা এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের মাধ্যমে ব়্যান্ডম অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সিদ্ধান্ত মতোই আজ, বৃহস্পতিবার থেকে কলকাতায় আনুষ্ঠানিক ভাবে এই পরীক্ষা করা শুরু হল। সেই উদ্দেশে আজ সকালে বাগবাজার এলাকায় পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের তত্ত্বাবধানে, পুরসভার উদ্যোগে ব়্যান্ডম সিলেকশন লিস্ট অনুযায়ী মোট চল্লিশ জনের মধ্যে ১০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রাজ্য স্বাস্থ্য দফতরের উপস্থিতিতেই পুরো কর্মকাণ্ড করা হয়।
স্বাস্থ্য দফতরের তরফে জানা গেছে, আজ বিকেলেই চেন্নাইয়ের আইসিএমআর-এ এই নমুনাগুলি পাঠিয়ে দেওয়া হবে। ১২ দিন পর চলে আসবে রিপোর্ট। আরও জানা গেছে, এভাবে প্রতিদিন ১০ জন করে চার দিনে মোট চল্লিশ জনের রক্তের নমুনা চেন্নাইয়ে পাঠানো হবে।
এভাবে সাত নম্বর ওয়ার্ডের সকলের রক্তের নমুনা সংগ্রহ শেষ হয়ে গেলে তালিকায় থাকা অন্য ওয়ার্ডে একই ভাবে নমুনা সংগ্রহ করতে শুরু করবে পুরসভা। কলকাতার বিভিন্ন কনটেনমেন্ট জোন থেকে আরও ১০০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে বলেও জানা গিয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যান্টিবডি টেস্ট আদে করোনার টেস্ট নয়। এই টেস্ট বলে দেবে, কোনও ব্যক্তির শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা কতটা। এর ফলে সেই ব্যাক্তি তাঁর গোষ্ঠী বা কম্যুনিটি-তে করোনা মোকাবিলায় শারীরিক ভাবে কতটা তৈরি সেটা জানা যাবে। এই পদ্ধতি কোভিড মোকাবিলায় খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ।