দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে এককথায় ‘নৈরাজ্য’ বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি দিল্লিতে ভোটের প্রচারে বলেন, শাহিনবাগ বা জামিয়া মিলিয়ায় আন্দোলন স্বতঃস্ফূর্ত নয়। দিল্লিতে শাসক আপ এবং কংগ্রেস মিলে অশান্তি সৃষ্টির জন্য ছক কষেছে।
তাঁর কথায়, “সিলামপুর, জামিয়া বা শাহিনবাগ ও আরও নানা জায়গায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আপনারা কি মনে করেন, স্বতঃস্ফূর্তভাবে এতগুলো জায়গায় প্রতিবাদ হচ্ছে? মোটেই তা নয়। এর পিছনে আছে রাজনীতি। যদি একটা আইন নিয়েই আন্দোলন হত, এতদিনে থেমে যেত।” তাঁর মতে, “একমাত্র দিল্লির ভোটই এসব শেষ করতে পারে।”
এদিন মোদী পূর্ব দিল্লির কারকারদোমায় নির্বাচনী জনসভা করেন। তিনি বলেন, দিল্লিতে বিজেপি সরকার তৈরি হলে কলোনির উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে। কলোনিবাসীদের উদ্দেশে তিনি বলেন, “এখন আর আপনাদের বুলডোজারের ভয় পেতে হয় না। সরকার আপনাদের স্বার্থে ব্যবস্থা নিয়েছে।” গত মাসে কেন্দ্রীয় সরকার দিলির ১৭৩১ টি কলোনির বাসিন্দাদের ওনারশিপ রাইট দেয়। দিল্লিতে কলোনিবাসীর সংখ্যা ৪০ থেকে ৫০ লক্ষ। ২০১৫ সালে তাঁদের এক বড় অংশ আম আদমি পার্টিকে ভোট দিয়েছিলেন।