
শেষ আপডেট: 18 October 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ফের খড়্গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু হল এক পড়ুয়ার। ওই ছাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার নাম কে কিরণচন্দ্র(২১)। তাঁর বাড়ি তেলেঙ্গানায়।
বুধবার ভোরে আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া কিরণ চন্দ্রকে। সঙ্গে সঙ্গে তাঁকে আইআইটি বিসি রায় হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়ার বাড়ি তেলেঙ্গানার মেড়াক (MEDAK) জেলার তুপরান (TOOPRAN) গ্রামে।
মৃত ছাত্রের বাড়িতে খবর পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্র মৃত্যুর কথা জানাজানি হতেই বুধবার তুমুল চাঞ্চল্য ছড়ায় আইআইটি চত্বরে। ২০২২ সালের অক্টোবর মাসে খড়্গপুর আইআইটিতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক পড়ুয়ার। হস্টেলের একটি ঘর থেকে মিলেছিল তাঁর দেহ। সেই মৃত্যু নিয়ে ঝড় উঠেছিল গোটা রাজ্যে। কলকাতা হাইকোর্টে এখনও সেই মামলা চলছে। এ বছরের জুন মাসে খড়্গপুর আইআইটির পড়ুয়া তামিলনাড়ুর বাসিন্দা ২২ বছরের সুরিয়া দীপনের অস্বাভাবিক মৃত্যু হয়। চারমাসের মাথায় আবারও দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে রহস্যমৃত্যু হল আরও এক পড়ুয়ার।