
শেষ আপডেট: 27 February 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো: বাংলার বুকে আরও একজন গ্র্যান্ড মাস্টার (grand master) হলেন সায়ন্তন দাস (Sayantan Das)। তিনি ফ্রান্সের একটি টুর্নামেন্টে চতুর্থ ও ফাইনাল জি এম নর্ম পেলেন।
সায়ন্তন প্রথম জি এম নর্ম (GM Norm) পেয়েছিলেন আজ থেকে ১৩ বছর আগে। সেই সময় শ্যামবাজারের ছেলেটির বয়স ছিল মাত্র ১৩ বছর।
তারপর বাকি তিনটি নর্ম এতদিনে পেলেন। এর মধ্যে বহু ঘটনা ঘটে গিয়েছে। সায়ন্তন লক্ষ্যে অবিচল থাকার সুফল পেলেন।
গোর্কি সদনের এই দাবাড়ু নিরলস পরিশ্রম করে গিয়েছেন। তাঁর বাবা ছেলের খেলার জন্য চাকরিও ছেড়ে দিয়েছিলেন। কোনও কারণে শেষ নর্মটি পাচ্ছিলেন না সায়ন্তন। সেটি অবশেষে পেলেন।
সায়ন্তনকে বাংলার অন্যতম সেরা দাবাড়ু উল্লেখ করে বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ূয়া বলছিলেন, ‘‘ছেলেটা অনেকদিন ধরে শেষ নর্মটি পাওয়ার চেষ্টা করছিল। ওর বাবাও খুব খেটেছেন ছেলের জন্য। ২৫০০ এলো রেটিং দরকার ছিল গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য। সেটি প্যারিসে পেয়ে গিয়েছেন ২৬ বছরের নামী প্রতিভা।’’
সায়ন্তনকে ছোট বেলা থেকে কোচিং করিয়েছেন সপ্তর্ষি রায়। ওই প্রাক্তন জি এম বললেন, ‘‘সায়ন্তন অনেক আগেই গ্র্যান্ড মাস্টার হতে পারত। নানা কারনে হয়নি। ও এর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে। শুরু থেকেই প্রতিভাবান ছিল। এতদিনে জিএমের স্বীকৃতি আদায় করে নিল।’’
আরও এক তারকা দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘সায়ন্তন প্রমাণ করল লক্ষ্য ঠিক থাকলে সাফল্য ধরা দেবেই।’’
এমবাপেকে বল সাজালেন ৭০০ গোলের মালিক মেসি, মুহূর্তে ভিডিও ভাইরাল