
ফাইল ছবি।
শেষ আপডেট: 25 December 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ, বারাসতের পর এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। জাল পাসপোর্ট কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ।
বস্তুত, বাংলাদেশের অশান্তির আবহে গত কয়েকদিন ধরে কলকাতা এবং রাজ্যের কয়েকটি জেলা থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি কার্যকলাপের বিষয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তৎপরতা বেড়েছে পুলিশেরও। এরই মধ্যে জাল পাসপোর্ট কাণ্ডে আরও একজন গ্রেফতারের ঘটনায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম মোক্তার শেখ। ধৃতর দত্তপুকুরের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু প্যান কার্ড ও ডেবিট কার্ড ও প্যান কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, এই প্রথম নয়, এর আগেও জাল নথি তৈরির অভিযোগে ২০২১ সালে চুঁচুড়া থেকে মোক্তারকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
যদিও স্থানীয়দের বক্তব্য, মোক্তারকে তাঁরা ভাল মানুষ হিসেবেই চেনেন। পরিবারেরও বক্তব্য, মোক্তার আমদানি রফতানি কারবারের সঙ্গে যুক্ত। জাল পাসপোর্টের মিথ্যে কেসে তাঁকে ফাঁসানো হচ্ছে।
প্রসঙ্গত, জাল পাসপোর্ট কাণ্ডে এর আগে গত ২৩ ডিসেম্বর বারাসত থেকে সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে লিটনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারও আগে গত ১৯ ডিসেম্বর মুর্শিদাবাদ থেকে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছিল।