
শেষ আপডেট: 2 January 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গ্রামের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের অন্যতম অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে মারা যায়। এবার এই খুনের ঘটনায় আরও এক অভিযুক্তের মৃত্যু হল। কবিরুল সেখ নামে ওই ব্যক্তি লালন নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার নিজের বাড়িতেই মৃত্যু হয় তার।
২০২২ সালের ২১ মার্চ সন্ধেবেলায় রামপুরহাটের বগটুই মোড়ে বড়শুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা মারার পরে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে উঠে আসে লালন শেখ সহ একাধিক ব্যক্তির নাম। অভিযুক্তদের তালিকায় কামরুল শেখ ওরফে ছোট লালনেরও নাম ছিল। তাকে গ্রেফতার করে সিবিআই। সেই সময় থেকে সে জেল হেফাজতে ছিল।
জেল হেফাজতে থাকাকালীনই তাঁর মুখে ক্যান্সার ধরা পড়ে। সেই রোগের চিকিৎসা করানোর জন্য মাস দু'য়েক আগে জামিনে মুক্তি পায় ছোট লালন। তারপর থেকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তিন-চারদিন আগে ছোট লালনকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসেন আত্মীয়রা। মঙ্গলবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়। ভাদুর দাদা বাবর শেখ খুনেও নাম জড়িয়েছিল কামরুল ওরফের ছোট লালনের।