.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 22 November 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আরও ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হল। ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের টাকা পাবেন তাঁরা।
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর ফলে এখন থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রশাসন সূত্রের খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে, এবার থেকে সেটা বেড়ে দাঁড়াল প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর পোর্টালে ২৪ হাজার রিকোয়েস্ট এসেছিল। এছাড়াও দুয়ারে সরকারে অনেকে অনুরোধ করেছিলেন। সেগুলি সবই গ্রহণ করা হয়েছে। মমতা বলেন, "অন্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের রাজ্যে নেই, একটা পরিবারের চারজন মহিলা থাকলে ৪ জনেই লক্ষ্মীর ভান্ডার পাবেন। রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। আমি এজন্য গর্ববোধ করি।"
বর্তমানে রাজ্যের এসসি, এসটি মহিলারা মাসে সাড়ে ১২০০ টাকা এবং সাধারণ মহিলারা হাজার টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে। এই প্রকল্পে ৬০ বছর বয়স হয়ে গেলে মহিলারা স্বাভাবিকভাবে বার্ধক্যভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত হন।
এছাড়াও নতুন করে ৪৩ হাজার ৯০০ জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে ডিসেম্বর থেকে। এর ফলে রাজ্যের মোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা উপকৃত হবেন। এর জন্য সরকারের বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়। একইভাবে ডিসেম্বর থেকে ১৯ হাজার জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।