
অঙ্কিতা অধিকারীকে জেলা সম্পাদক পদে নিযুক্ত করল তৃণমূল।
শেষ আপডেট: 13 July 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। এবার সেই অঙ্কিতাকে কোচবিহারের জেলা সম্পাদক পদে নিযুক্ত করল তৃণমূল।
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, এবারের লোকসভা ভোটের প্রচারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অঙ্কিতা। শীর্য নেত়ৃত্বর নির্দেশে তাঁকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হল।
পদ পেয়ে খুশি অঙ্কিতাও বললেন, "লোকসভা নির্বাচনে বাবার সঙ্গে দলের প্রচারে বেরিয়েছিলাম। দল আমাকে ভরসা করে সম্পাদকের পদ দিয়েছে। সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব।"
এদিকে অঙ্কিতাকে তৃণমূল পদে বসাতেই ফের কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিজেপির কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু কটাক্ষের সুরে বলেন, "কে জানে, এখানেও বাবার সুপারিশ রয়েছে কিনা!"
২০২২ সালের মে মাসে রাজ্যের তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে দু’টি কিস্তিতে সমস্ত বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী।