দ্য ওয়াল ব্যুরো : ঘুষ নেওয়ার অভিযোগে চলতি বছরের শুরুতেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল অনিল দেশমুখকে (Anil Deshmukh)। ৭১ বছর বয়সী এনসিপি নেতা দেশমুখকে সোমবার টাকা তছরুপের মামলায় ১২ ঘণ্টা জেরা করে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ইডি-র হাত এড়ানোর জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন দেশমুখ। কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন নাকচ করে দেয়। সোমবার ভিডিও বার্তায় দেশমুখ বলেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।
মুম্বইয়ের প্রাক্তন পুলিশ প্রধান পরমবীর সিং অভিযোগ করেছিলেন, দেশমুখ দুর্নীতিগ্রস্ত। তিনি তোলাবাজি করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে পরমবীর সিং অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত পুলিশের কাজে হস্তক্ষেপ করেন। তিনি প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলা তোলেন।
শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরকভর্তি গাড়ি রাখার ঘটনার পরে পরমবীর সিংকে মুম্বইয়ের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল, ওই ঘটনার তদন্ত যথাযথভাবে হচ্ছে না। দেশমুখ বলেছিলেন, পরমবীর সিং-এর নেতৃত্বে ওই তদন্তে এমন কিছু গাফিলতি হয়েছে যা অমার্জনীয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়েছিলেন, তিনি পরমবীর সিং-এর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এর মধ্যে তৎপর হন বিরোধীরা। তাঁরা দেশমুখের পদত্যাগের দাবি তোলেন।
কিছুদিন আগে পরমবীর সিং নিখোঁজ হয়েছেন। তাঁর নামে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠেছে। কয়েকটি মামলাও করা হয়েছে।
গত সোমবার দেশমুখ বলেন, "মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার গেলেন কোথায়? তিনিই তো আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এখন তাঁর নিজের দফতরের কয়েকজন অফিসার এবং কয়েকজন ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।" গত রবিবার দেশমুখের এক ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিবিআই।