দ্য ওয়াল ব্যুরো: গাড়ি তো নয়, যেন ফুটবল। মাথা দিয়ে গুঁতিয়ে, খড়্গ দিয়ে খুঁচিয়ে মিনিট খানেক ধরে গাড়ির উপর তাণ্ডব চালাল এক রাগী গন্ডার। দুমড়ে মুচড়ে দিল আস্ত গাড়িটা। ভিতরে তখন থরথর করে কাঁপছেন চালক। ক্ষেপে ওঠা গন্ডারের থেকে মুক্তির উপায় নেই, গাড়ির দরজা খুলে পালাবার পথও নেই। অতএব গন্ডারের রাগের কাছে অসহায় আত্মসমর্পণ করে গাড়ির ভিতরে ওলট পালট খেয়ে শেষে সাফারি পার্কের কর্তাদের সাহায্যে মুক্তি মেলে তাঁর।
ঘটনা জার্মানির সেরেঙ্গেটি সাফারি পার্কের। বছর ত্রিশের গন্ডারটির নাম কুসিনি। সে এমনিতে শান্ত, নিরীহ গন্ডার। তবে হঠাৎ করে তার এমন ক্ষেপে ওঠার কারণ বোঝা যায়নি। সাদা-কালো ডোরাকাটা গাড়িটার উপর তার আক্রোশের কারণই বা কী, সেটাও স্পষ্ট নয়।
জার্মানির নিউজ় পোর্টাল ‘বিল্ড’ এই খবরটি সামনে আনে। একটি ভিডিয়োও পোস্ট করে তাদের মিডিয়া হ্যান্ডেলে। সেখান থেকেই এই ভিডিয়ো ভাইরাল হয়। জানা গেছে, গাড়ি চালাচ্ছিলেন ওই সাফারি পার্কেরই এক কিপার। তাঁকে দেখেই আচমকা রেগে যায় কুসিনি।
https://www.youtube.com/watch?time_continue=26&v=tY519uoLPQ4
পার্কের ম্যানেজার ফ্যাব্রিজো সেপে জানিয়েছেন, কুসিনিকে দ্রুত চিকিৎসার জন্য ফাঠানো হবে। ১৮ মাস ধরে সে এই সাফারি পার্কে ছিল। আগে কখনও এমন আচরণ করেনি।