দ্য ওয়াল ব্যুরো : লকডাউনে অন্ধ্রপ্রদেশে আটকে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা অনেক শ্রমিক। করোনা পজিটিভ সন্দেহে তাঁদের অনেককে রাখা হয়েছে কোয়ারান্টাইন ক্যাম্পে। আরও অনেক গরিব মানুষও ওই ক্যাম্পে আছেন। তাঁদের অনেকে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা যাতে ক্যাম্পে থাকেন, সেজন্য বিশেষ ইনসেনটিভ ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যাঁরা লকডাউন না ওঠা পর্যন্ত ক্যাম্পে আটকে থাকবেন, তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে দেওয়া হবে। লকডাউন ওঠার পর বাড়ি যাওয়ার সময় তাঁরা ওই টাকা পেয়ে যাবেন।
ওই টাকায় লকডাউনে আটকে থাকা শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। পথে খাবারও কিনতে পারবেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ ৩ মে অবধি বাড়ানো হচ্ছে। তখন অন্ধ্রের অনেক কোয়ারান্টাইন কেন্দ্র থেকে মানুষজন হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেন। এরপর মুখ্যমন্ত্রী জানতে চান, কোয়ারান্টাইন কেন্দ্রগুলি কী অবস্থায় রয়েছে। তিনি নির্দেশ দেন, ক্যাম্পগুলিতে যাঁরা রয়েছেন, তাঁদের যেন দুধ, ডিম, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীকে জানানো হয়, কোয়ারান্টাইন সেন্টারে থাকা প্রত্যকে ব্যক্তির জন্য খরচ করা হয় ৮৫০ টাকা। তার মধ্যে খাবার, বিছানা ও কম্বলের পিছনে খরচ হয় ৫০০ টাকা। মেডিক্যাল প্রোটোকল মেনে নির্ধারিত সময়ের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।